বাংলাদেশের ফুটবলে সামিত শোমের পথচলায় যোগ হলো নতুন অধ্যায়। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায় শেষ করে ঐতিহ্যবাহী নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সামিতকে দলে নেওয়ার বিষয়টি জানায় নিউ ইয়র্ক কসমস। ক্লাবটি জানিয়েছে, এমএলএস ও কানাডিয়ান প্রিমিয়ার লিগ মিলিয়ে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতা রয়েছে সামিতের। তার অভিজ্ঞতা কসমসের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলেও জানিয়েছে তারা।
নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামিতও। ভিডিও বার্তায় তিনি বলেন, কসমসের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুবই আনন্দিত এবং এই ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন।
নিউ ইয়র্ক কসমস নামটি ফুটবল ইতিহাসে বেশ পরিচিত। ১৯৭০-এর দশকে এই ক্লাবের হয়ে খেলেছেন ফুটবল কিংবদন্তি পেলে ও জার্মান তারকা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পেলে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কসমসের হয়ে খেলেছিলেন।
কানাডিয়ান ক্লাব ক্যাভালরির সঙ্গে সামিতের তিন বছরের পথচলা শেষ হয় গত জানুয়ারিতে। এরপর ২০২৬ মৌসুমের আগে নতুন ঠিকানা খুঁজছিলেন তিনি। নিউ ইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের ফুটবলে খেলছে।
বাংলাদেশের জার্সিতেও সামিতের যাত্রাটা বেশ নতুন। ক্যারিয়ারের শুরুতে কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেললেও পরে বাবা-মায়ের শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় তার।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে প্রথম গোল পেতেও খুব বেশি সময় নেননি এই মিডফিল্ডার। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন সামিত।
এবার পেলের সাবেক ক্লাব নিউ ইয়র্ক কসমসে নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশের ফুটবলের জন্যও সামিতের এই নতুন অধ্যায় হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আরও অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ।


