দলবদলের বাজারে ইতিমধ্যে ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন খেলোয়াড়ে দল সমৃদ্ধ হয়েছে। তারপরও দল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ মাইকেল ক্যারিক। দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আরও কয়েকজন খেলোয়াড় দলে ভেড়ানোর প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন ইংলিশ ক্লাবটির কোচ।
১ সেপ্টেম্বর দলবদলের প্রক্রিয়া শেষ হবে। হাতে রয়েছে তিন সপ্তাহেরও কম সময়। এর মধ্যেই স্কোয়াডের আরও কিছু জায়গা শক্তিশালী করতে চান ক্যারিক। প্রাক্-মৌসুমে আয়ারল্যান্ডের কাউন্টি কিলডেয়ারে দলের অনুশীলন ক্যাম্প থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইতিমধ্যে আসা খেলোয়াড়দের নিয়ে তাঁরা সন্তুষ্ট হলেও উন্নতির চেষ্টা থামবে না।
চেলসি থেকে আন্দ্রে সান্তোস এবং অ্যাস্টন ভিলা থেকে ইউরি তিলেমানসকে দলে ভিড়িয়ে এখন পর্যন্ত ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ইউনাইটেড। কারিকের মতে, নতুন খেলোয়াড়েরা দলের ভারসাম্য, মান এবং কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তবে সেখানেই থামতে চান না তিনি।

ক্যারিক বলেন, ‘আমরা সব সময় উন্নতি করতে চাই। আরও চাই, আমাদের আরও দরকার। কীভাবে দলকে আরও ভালো করা যায়, সেটাই আমরা খুঁজতে থাকি। এই প্রক্রিয়া কখনো থামে না।’
ইউনাইটেডের অগ্রাধিকারের তালিকায় এখন একজন নতুন লেফট-ব্যাক রয়েছে। নিউক্যাসল ইউনাইটেডের লুইস হলকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ক্লাবটি। একই সঙ্গে মাঝমাঠেও আরও একজন খেলোয়াড় আনার চেষ্টা চলছে। ক্যাসেমিরো দল ছাড়ার পর এবং ম্যানুয়েল উগার্তে হাঁটুর লিগামেন্টের চোটে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ায় মিডফিল্ডে নতুন খেলোয়াড়ের প্রয়োজনীয়তা বেড়েছে।
তবে ঠিক কতজন খেলোয়াড় প্রয়োজন, সে বিষয়ে কোনো সংখ্যা নির্ধারণ করতে চাননি ক্যারিক। তাঁর মতে, নতুন খেলোয়াড় এমন হতে হবে, যিনি সত্যিকার অর্থে দলের মান বাড়াবেন-হোক সেটি গুণগত উন্নতি কিংবা বেঞ্চের গভীরতা।
এদিকে দলবদলে ইউনাইটেডের আর্থিক অবস্থাও আগের তুলনায় স্বস্তিদায়ক। রাসমুস হয়লুন্ডকে নাপোলির কাছে স্থায়ীভাবে বিক্রি, রাদেক ভিতেকের মিডলসব্রোতে যাওয়া এবং ম্যাসন গ্রিনউড মার্শেই থেকে ফেনারবাখে যাওয়ায় পাওয়া সেল-অন অর্থ মিলিয়ে এবারের গ্রীষ্মে ক্লাবটির নিট খরচ প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, দলবদলের শেষ সপ্তাহগুলোতে খরচ করার মতো অর্থ ইউনাইটেডের হাতে রয়েছে। টটেনহামের ৮৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবের সমান অর্থ দেওয়ার সামর্থ্যও ছিল ক্লাবটির, তবে শেষ পর্যন্ত মাতেউস ফার্নান্দেসকে নিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় তারা।


