পেপ গার্দিওলা পরবর্তী যুগ আর এনজো মারেস্কার নতুন অধ্যায়ে ম্যানচেস্টার সিটি কেমন করে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ ছিল।
সিটি সমর্থকদের হতাশ হতে হয়নি।
শেষ মুহূর্তের নাটকীয়তায় বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুভ সূচনা করেছে মারেস্কার দল।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ম্যাচের শেষ দিকে ৮ মিনিটের ব্যবধানে গোল করেছেন ম্যানচেস্টার সিটির দুই ডিফেন্ডার মার্ক গেহি এবং ইওস্কো গভার্দিওল। দুটি গোলেই বলের জোগান দিয়েছেন বদলি নামা রায়ান শেরকি।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির শুরুটা ছিল হতাশার।
২৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন মার্কাস টাভার্নিয়ার। অতিথিরা এরপর আরো আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে। সিটির আক্রমণও খুব একটা কাজে আসছিল না। আর্লিং হালান্ড পাঁচটি শট নিয়েও গোলের দেখা পাননি।
তবে ম্যাচের শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। ৮৪ মিনিটে হেডে সমতা আনেন গেহি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গভার্দিওল গোল করে সিটির জয় নিশ্চিত করেন।
গভার্দিওলের গোলটি প্রথমে অফসাইড দেওয়া হলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়।


