আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর কেবল ফুটবল অঙ্গনেই আলোড়ন তোলেনি, ছুঁয়ে গেছে আর্জেন্টিনার সর্বোচ্চ পর্যায়কেও। দীর্ঘদিন ধরেই তাঁর অবসরের আলোচনা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণাটি বিশ্বজুড়ে ভক্তদের আবেগাপ্লুত করেছে। মেসির বিদায়ের পর তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন সতীর্থ, কিংবদন্তি ফুটবলার থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এবার সেই তালিকায় যুক্ত হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে তাঁকে সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তায় বিদায় জানিয়েছেন তিনি।
ভক্তদের অভিবাদন জানানো মেসির একটি ছবি শেয়ার করে মিলেই লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ, অসম্ভবকে সম্ভব করা মানুষ।’
আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মেসিকে উদ্দেশ্য করে এই বার্তা দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আবেগঘন এক বার্তায় মেসি জানিয়েছেন, জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। তবে দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি মনে করেছেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার সময় এখনই।
মেসির ভাষায়, ‘আমার যা কিছু ছিল, তার সবটুকু আমি উজাড় করে দিয়েছি এবং দেওয়ার মতো আর কিছুই আমার কাছে নেই। আর্জেন্টিনায় একদল অসাধারণ তরুণ খেলোয়াড় রয়েছে, যারা তাদের সুযোগ পাওয়ার যোগ্য।’
আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক সাফল্যের অংশ হয়েছেন মেসি। তাঁর নেতৃত্বেই দলটি কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে। ফলে জাতীয় দল থেকে তাঁর বিদায় আর্জেন্টিনার ফুটবলে একটি যুগের সমাপ্তি হিসেবেই দেখছেন সমর্থকেরা।


