যে সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনার জার্সিতে এক দশকের রাজত্ব করলেন মেসি

“আমি আমার সবটুকু দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছুই বাকি নেই।” বিদায় বেলা এমন একটা বার্তা দিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই তারকা অধিনায়ক হিসেবে দেশকে এনে দিয়েছেন কাতার বিশ্বকাপের শিরোপা। জিতেছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাও।

কিন্তু আর্জেন্টিনার বিখ্যাত নীল-সাদা জার্সিতে মেসির সবচেয়ে সফল সময়টা হয়তো দেখাই হতো না। কারণ, এক দশক আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

২০১৬ সালের ২৬ জুন, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার সমর্থকদের হৃদয় ভেঙে দিয়েছিলেন মেসি। নিজের ২৯তম জন্মদিনের মাত্র দুই দিন পর, কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করার পরই আসে সেই সিদ্ধান্ত।

তখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১৩ ম্যাচ খেলেছিলেন মেসি। কিন্তু আর জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন না বলে সিদ্ধান্তে নিয়েছিলেন। যেখানে তিনি ছিলেন প্রায় অনড়।

“আমার জন্য জাতীয় দল এখানেই শেষ। আমি সবকিছু করেছি। চ্যাম্পিয়ন হতে না পারাটা খুব কষ্টের,” বলেছিলেন মেসি।

তার হতাশার কারণও ছিল যথেষ্ট। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালেও স্বপ্নভঙ্গ হয় তাদের। বিশ্বসেরা হিসেবে বিবেচিত মেসিও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে শিরোপা এনে দিতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

চোখের পানি সামলে মেসি বলেছিলেন, “আমি সবচেয়ে বেশি যেটা চেয়েছিলাম, সেটা পাইনি। তাই মনে হয়, এখানেই শেষ। সবার জন্য এটাই হয়তো ভালো।”

কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান মেসি। আর সেই ফিরে আসাই বদলে দেয় আর্জেন্টিনা ফুটবলের ইতিহাস।

অবসরের ঘোষণা থেকে সিদ্ধান্ত বদলের পরবর্তী ১০ বছরে মেসি লিখেছেন ফুটবলের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প। এই সময়ে আর্জেন্টিনার হয়ে আরও ৯৪টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন আরও ৭০ গোল। আর জিতেছেন চারটি বড় আন্তর্জাতিক শিরোপা।

২০২১ সালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন মেসি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকা শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।

অর্থাৎ ২০১৬ সালের সেই সিদ্ধান্তের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারই হয়ে ওঠে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলোর একটি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ২০১৬ সালের জুনের সেই অবসর ঘোষণা থেকে ১২ আগস্টের সিদ্ধান্ত বদলের মধ্যকার ছয় সপ্তাহ। ১২ আগস্ট মেসি ঘোষণা দেন, দেশের প্রতি ভালোবাসার কারণেই তিনি আবার আর্জেন্টিনার হয়ে খেলবেন।

মাত্র ছয় সপ্তাহের এই সময়টুকু তাই আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে এমনকি বিশ্ব ফুটবলের ইতিহাসেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে।

কারণ, মেসি যদি সেদিন নিজের সিদ্ধান্তে অটল থাকতেন, তাহলে হয়তো বিশ্ব দেখতই না নীল-সাদা জার্সিতে তার জীবনের সবচেয়ে সফল এক দশক।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles