বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিসিবি পরিচালক মাহমুদ জামাল মারা গেছেন। শনিবার রাজশাহীতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
রাজশাহীর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ছিলেন মাহমুদ জামাল। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে জীবনের চার দশকেরও বেশি সময় ব্যয় করেছেন তিনি। দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মাহমুদ জামালের। ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি। পরে ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় বোর্ড প্রয়াত মাহমুদ জামালের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক হিসেবে রাজশাহীর ক্রীড়াঙ্গনসহ দেশের ক্রীড়া উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।




