বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। নিজেদের দেশে রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা আর এক ইউরোপিয়ান দেশ ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে। ডেনিজ উনদাভ জোড়া গোল করেছেন। অন্য দুই গোল করেছেন ফ্লোরিয়ান উইর্টজ ও জামাল মুসিয়ালা।
স্বস্তির জয় জার্মানির। তবে ম্যাচ শেষে জার্মানি শিবিরে স্বস্তি থাকেনি। জোড়া গোলদাতা ডেনিজ উনদাভ ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তার ইনজুরি দলে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। উনদাভ উভয়ার্ধে একটি করে গোল করেন। প্রথমটি করেন ৩৪ মিনিটে, দ্বিতীয়টি ৫৭ মিনিট। দ্বিতীয় গোল করার সময় তিনি আঘাত পান।
আঘাত পাওয়ার পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি উনদান। চার মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার পরিবর্তে মাঠে নামেন বরুশিয়া ডর্টমুন্ডে খেলা ম্যাক্সিমিলিয়ান বিয়ের। মাঠ থেকে বের হয়ে সতীর্থদের সঙ্গে সাইডলাইনে বসেননি, চলে গেছেন ভেতরে।
এ ম্যাচে ছিলেন না কাই হাভার্টজ। সে সুবাদে প্রথম একাদশে ঢুকে পড়া উনদাভ পুরো সুযোগটি কাজে লাগিয়েছেন। শুধু জোড়া গোল করেছেন তা নয়, একটা গোলের রূপকারও ছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতে করা ফ্লোরিয়ান উইর্টজের গোলটির রূপকার ছিলেন তিনি।
আট ম্যাচে ছয় গোল
২৯ বছর বয়সী উনদাভ গত আট ম্যাচে এ নিয়ে ছয় গোল করেছেন। জার্মানির প্রধান কোচ হুলিয়ান নাগেলসামন বলেন, আমি খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করছি না। উনদাভের জোড়া গোল নিয়েও আমি ভাবছি। জোড়া গোল করে সে প্রথম একাদশে ঢুকে যাবে তেমন নয়। তবে দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ সে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচ জার্মানির
জার্মানি বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ের আগে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। শিকাগোতে আগামী ৬ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে জার্মানি ‘ই’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের সঙ্গে গ্রুপে রয়েছে ইকুয়েডর, আইভরি কোস্ট ও কুরাসাও। আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। ২৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের গ্রুপ পর্বের প্রতিযোগিতা শেষ হবে।
এদিকে যুক্তরাষ্ট্র রবিবার তাদের প্রস্তুতি ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়েছে। প্রথমার্ধে জয়ী দল ২-১ গোলে এগিয়ে ছিল। আয়োজক যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপে তাদের সঙ্গে আরও রয়েছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক।
