হামজা চৌধুরী এখন ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর

হামজা চৌধুরী এখন ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর

হামজা চৌধুরী এখন ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর । দেশীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার এই সম্পৃক্ততা চূড়ান্ত হয় মঙ্গলবার ঢাকায় এক আনুষ্ঠানিক আয়োজনে।

রাজধানীর রেনেসাঁ গুলশান হোটেল এ আয়োজিত অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন হামজা। সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের জন্য আন্তর্জাতিক পর্যায়ের একজন ফুটবলারের সম্পৃক্ততাকে বড় অর্জন হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

ফুডি কর্তৃপক্ষ জানায়, হামজার অধ্যবসায়, আবেগ এবং শিকড়ের প্রতি টান তাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একজন অনুপ্রেরণাদায়ক ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে দেশের মানুষের কাছে ফুডির পরিচিতি আরও বিস্তৃত করতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাদের।

চুক্তি শেষে হামজা বলেন, মাঠে যেমন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তেমনি একটি দেশীয় ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে তিনি গর্বিত। ফুডির সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

ফুডি এক্সপ্রেস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শাহনেওয়াজ মান্নান বলেন, হামজা শুধু একজন ফুটবলার নন, তিনি অধ্যবসায় ও গর্বের প্রতীক। স্থানীয় শক্তি, প্রতিভা এবং প্রভাবের ওপর বিশ্বাস রেখেই ফুডি কাজ করে যাচ্ছে। সেই মূল্যবোধের সঙ্গেই হামজার ব্যক্তিত্ব মিলে যায়। এই অংশীদারত্ব বহু মানুষকে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Exit mobile version