কোলম্যানকে কোচ হিসেবে পাচ্ছেনা হামজারা! হামজা-জামালদের পরবর্তী কোচ কে হবেন, সেই আলোচনা এখনো শেষ হয়নি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ১৫ মে’র মধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে চেয়েছিলেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অবশেষে আজ সন্ধ্যায় তিনি কোচ ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন।
তাবিথ আউয়াল জানান, ১৫ মে’র মধ্যে ক্রিস কোলম্যানকে বাংলাদেশের কোচ হিসেবে চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষের দিকেই ছিল। কিন্তু শেষ পর্যায়ে এসে এজেন্ট ফি নিয়ে জটিলতা তৈরি হয়। তার ভাষায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্ট ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়, আর এজেন্ট ফি ছাড়া সংশ্লিষ্ট পক্ষও রাজি হয়নি। ফলে ওই আলোচনা সেখানেই থেমে যায়। তবে বাফুফে নতুন করে আরেকজন কোচের সঙ্গে কাজ করছে এবং আজ-কালের মধ্যেই সেই বিষয়ে জানানো হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
কোচের নাম প্রকাশ না করেই থাইল্যান্ডে পরিবারের কাছে যাওয়ায় যে সমালোচনা হয়েছে, তা নিয়েও কথা বলেন বাফুফে সভাপতি। তিনি বলেন, পরিবারের বিষয়টি তার কাছে সবার আগে। সিদ্ধান্ত বা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে পরিবারকে টেনে আনা উচিত নয় বলে অনুরোধ করেন তিনি।
এর আগে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে বাফুফের আগ্রহ ছিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এই বিষয়ে ইতিবাচক ছিলেন। কিন্তু এজেন্ট ফি নিয়ে সমঝোতা না হওয়ায় সেই চুক্তি আর হয়নি। এখন নতুন নামের খোঁজে এগোচ্ছে ফেডারেশন।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তাবিথ আউয়াল জানিয়েছেন, নতুন বিদেশি কোচ সেই দিন থেকেই দলের সঙ্গে থাকবেন। তার ভাষায়, বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে খেলবে নতুন কোচের অধীনেই।
সংক্ষিপ্ত তালিকায় ক্রিস কোলম্যান ছাড়াও জার্মান কোচ ব্রেন্ড স্টোকস ও টমাস ডুলির নাম ছিল। তবে এখন কোন কোচের সঙ্গে আলোচনা চলছে, সে বিষয়ে কিছু জানাননি বাফুফে সভাপতি। এমনকি কোচ কোন মহাদেশের, সেটিও তিনি স্পষ্ট করেননি।
বাফুফে সভাপতি আরও বলেন, কোচের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের কিছু সহায়তা প্রয়োজন হবে। কোলম্যানের ক্ষেত্রে বাজেট ছিল অনেক বেশি। তবে নতুন কোচের জন্য সেই অঙ্ক তুলনামূলক কম হলেও কিছু সহযোগিতা লাগবে। দুই বছরের জন্য কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। তার মতে, লক্ষ্য হচ্ছে খেলার মান উন্নয়ন, আর সে কারণেই ভালো মানের কোচ নিয়োগই এখন তাদের মূল উদ্দেশ্য।
