বাংলাদেশের বিপক্ষে সিলেটে হারের পর শাস্ত পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটার সালমান আঘা। দ্বিতীয় টেস্টে আইসিসি আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে পাকিস্তানের ব্যাটার সালমান আলীকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে আইসিসি।
সিলেট টেস্টে আউট হয়ে ফেরার পথে বিজ্ঞাপনী বোর্ডে ব্যাটে আঘাত করায় আইসিসি আচরণবিধির লেভেল ১ ভঙ্গের দায়ে পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে এবং তার শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
বুধবার আইসিসি এক বিবৃতিতে জানায়, সালমান আলী প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২ ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনার প্রতি অপব্যবহার বা ক্ষতিসাধনের সঙ্গে সম্পর্কিত।
ঘটনার পর তার শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট এখন দাঁড়িয়েছে দুইয়ে। এর আগে চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচেও তিনি একই অনুচ্ছেদ ভঙ্গ করেছিলেন।
টেস্টের চতুর্থ দিন মঙ্গলবারের ঘটনাটি ঘটে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে। আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফেরার পথে সালমান আলী আগা ব্যাট দিয়ে একটি বিজ্ঞাপনী বোর্ডে আঘাত করেন।
পরবর্তীতে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো, আলাউদ্দিন পলেকার, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মসুদুর রহমান মুকুল তার বিরুদ্ধে অভিযোগ তোলেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল ১ অপরাধে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক থেকে দুইটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।
