ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তাওহীদ হৃদয়। সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে। তবে টেস্ট ক্রিকেটে এখনো নিজেকে সেভাবে মেলে ধরার সুযোগ পাননি এই তরুণ ব্যাটার। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে অবশ্য লাল বলের ক্রিকেটেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি।
হৃদয়ের সেই ইনিংসের পর তাঁকে টেস্ট দলে নেওয়ার দাবি জোরালো হয়েছে। বিশেষ করে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা মুশফিকুর রহিমের সম্ভাব্য বিকল্প হিসেবে হৃদয়কে দেখছেন অনেকে। এবার সেই আলোচনায় যোগ দিলেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।
বগুড়ার ছেলে হৃদয় বেড়ে উঠেছেন বগুড়ারই কিংবদন্তি মুশফিককে আদর্শ মেনে। মুশফিকের জায়গা পূরণে হৃদয়কে উপযুক্ত মনে করেন নান্নু। তাঁর মতে, লংগার ভার্সনের ক্রিকেটে হৃদয়ের পারফরম্যান্স এবং প্রথম শ্রেণির রেকর্ড তাঁকে টেস্ট দলের ভাবনায় রাখার যথেষ্ট কারণ।
নান্নু বলেন, ‘আমাদের অনেক ট্রেইনড খেলোয়াড়ের মধ্যে হৃদয় একজন। লংগার ভার্সনে যথেষ্ট ভালো, প্রথম শ্রেণির রেকর্ডও ভালো। দক্ষিণ আফ্রিকার মাটিতে সাড়ে তিন শ (রান), আমার মনে হয় দেশের হয়ে সেরা ইনিংসটি খেলে ফেলেছে।’
হৃদয়কে টেস্ট দলে দেখার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সাবেক এই প্রধান নির্বাচক। তবে তাঁর মতে, দলে জায়গা পাওয়ার জন্য ধারাবাহিকভাবে সঠিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে হৃদয়কে।
নান্নুর ভাষায়, ‘ভালো প্রসেসে থাকলে অবশ্যই ওকে টেস্ট দলে দেখতে পাব। সারা জীবন তো কেউ দলে থাকবে না। কাউকে না কাউকে সরতে হবে। যদি সময়মতো বদলি রাখা যায়, দলে কোনো সমস্যা হয় না বিকল্প নিয়ে।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩৫০ রানের অপরাজিত ইনিংস হৃদয়ের টেস্ট সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। এখন নির্বাচকদের পরিকল্পনায় তিনি কতটা জায়গা করে নেন, সেটিই দেখার বিষয়।


