ডাচ বিশ্বকাপ স্কোয়াডে যমজ ভাই

ডাচ বিশ্বকাপ স্কোয়াডে যমজ ভাই

ডাচ বিশ্বকাপ স্কোয়াডে যমজ ভাই, ছবি : সংগৃহীত

ডাচ বিশ্বকাপ স্কোয়াডে যমজ ভাই জুরিয়েন টিম্বার ও কুইন্টেন টিম্বারকে রেখে দল ঘোষণা করেছেন কোচ রোনাল্ড কোম্যান। ২৬ জনের এই চূড়ান্ত নেদারল্যান্ডস দল সেরা তারকাদের নিয়েই গঠন করা হয়েছে। আসরে তিনবার রানার্স-আপ হলেও এখন পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া ডাচরা ২৩তম আসরে খেলবে ‘এফ’ গ্রুপে।

বুধবার কোম্যান তাঁর ঘোষিত চূড়ান্ত ডাচ বিশ্বকাপ স্কোয়াডে এমন তিনজন গোলরক্ষক নিয়েছেন, যাঁদের সবারই প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। মার্ক ফ্লেকেন বেয়ার লেভারকুসেনে যোগ দেওয়ার আগে টানা দুই মৌসুম ব্রেন্টফোর্ডের মূল গোলকিপার ছিলেন। ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবলে সান্ডারল্যান্ডের হয়ে দুর্দান্ত একটি অভিষেক মৌসুম কাটানো রবিন রুফসের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বার্ট ভারব্রুগেন। দেশের হয়ে ইতোমধ্যে ২৭টি ম্যাচ খেলা ভারব্রুগেনই আসরে মূল গোলকিপার হিসেবে খেলবেন বলে আশা করা হচ্ছে।

অভিজ্ঞ-তরুণের সমন্বয়ে ডাচ স্কোয়াড, ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের আসল শক্তি তাদের রক্ষণভাগে। ভার্জিল ফন ডাইকের মতো তারকা আছেন দলে। তাঁকে প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে গণ্য করা হয়। সম্ভবত এটিই হতে যাচ্ছে বিশ্বকাপ জয়ের জন্য তাঁর শেষ চেষ্টা। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আকে স্কোয়াডে আছেন। রয়েছেন আর্সেনালের জুরিয়েন টিম্বার, টটেনহ্যামের মিকি ভ্যান ডি ভেন এবং ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের জান পল ভ্যান হেক।

আক্রমণাত্মক মেজাজের ডেনজেল ডামফ্রিসও দলে জায়গা পেয়েছেন। পাশাপাশি চেলসির প্রতিভাবান তরুণ খেলোয়াড় জোরেল হাটোর জন্যও স্কোয়াডে জায়গা বরাদ্দ রয়েছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মাতাইস ডি লিখটের দলে জায়গা হয়নি। দেশের হয়ে ৫২টি ম্যাচ খেলা ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার পিঠের চোটের কারণে গত নভেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন।

জায়গা পাননি লিভারপুলের জেরেমি ফ্রিম্পংও। বার্সেলোনার এবারের লা লিগা জয়ে ফ্র্যাঙ্কি ডি ইয়ং অন্যতম ভূমিকা পালন করেছেন। আসন্ন টুর্নামেন্টে নেদারল্যান্ডসের মিডফিল্ডে ম্যানচেস্টার সিটির তিজানি রেইন্ডার্স এবং লিভারপুলের রায়ান গ্রাভেনবার্চের সাথে তাঁরও শুরুর একাদশে থাকার কথা রয়েছে।

ডাচ বিশ্বকাপ স্কোয়াডে আরো যারা আছেন

ইতালিয়ান সিরি আ থেকে দুই মিডফিল্ডার জায়গা পেয়েছেন ডাচ দলে—জুভেন্টাসের তিউন কুপমেইনার্স এবং আতালান্তার মার্টেন ডি রুন। জুরিয়েন টিম্বারের যমজ ভাই কুইন্টেন টিম্বার, ব্রাইটনের ম্যাটস উইফার এবং পিএসভি তারকা গুস তিলও স্কোয়াডে আছেন। তবে গত এপ্রিলের শেষের দিকে উলভসের বিপক্ষে ম্যাচে এসিএল ইনজুরিতে পড়ায় বাদ পড়েছেন জাভি সিমন্স।

নেদারল্যান্ডসের ডিফেন্স ও মিডফিল্ড বেশ শক্তিশালী হলেও, আক্রমণেভাগের গভীরতা ততটা নেই। ডাচদের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেমফিস দেপাই দলে জায়গা পেয়েছেন। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসের হয়ে খেলছেন এবং দেশের জার্সিতে এ পর্যন্ত ৫৫টি গোল করেছেন।

দেপাই ও গ্যাকপো আছেন ডাচ স্কোয়াডে, ছবি : সংগৃহীত

কোডি গাকপো যদি সম্পূর্ণ ফিট থাকেন, তবে টুর্নামেন্টে নিশ্চিতভাবেই শুরুর একাদশে থাকবেন। এথন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ৪৮ ম্যাচে ১৯ গোল করে তাঁর স্ট্রাইক রেট বেশ দারুণ। স্কোয়াডে জায়গা পেয়েছেন সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রবি, ওয়েস্ট হ্যামের ক্রিসেনসিও সামারভিল, বোর্নমাউথের জাস্টিন ক্লাইভার্ট, আয়াক্সের ভাউট ভেগহোর্স্ট, রোমার ডনিয়েল মালেন এবং গালাতাসারাইয়ের নোয়া লাং।

নেদারল্যান্ডসের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলরক্ষক : মার্ক ফ্লেকেন, রবিন রুফস, বার্ট ভারব্রুগেন

ডিফেন্ডার : নাথান অকে, ভার্জিল ফন ডাইক, ড্যানজেল ডামফ্রিস, জোরেল হাটো, জাঁ পল ভ্যান হেক, মিকি ভ্যান ডি ভেন, জুরিয়েন টিম্বার

মিডফিল্ডার : ফ্র্যাঙ্কি ডি ইয়ং, রায়ান গ্রাভেনবার্চ, তিউন কুপমেইনার্স, তিজানি রেইন্ডার্স, মার্টেন ডি রুন, গুস তিল, কুইন্টেন টিম্বার, ম্যাটস উইফার

ফরোয়ার্ড : ব্রায়ান ব্রবি, মেমফিস দেপাই, কোডি গাকপো, জাস্টিন ক্লাইভার্ট, নোয়া লাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল, ভাউট ভেগহোর্স্ট।

Exit mobile version