শিরোপার আরও কাছে ইন্টার মিলান

ক্যালিয়ারির বিপক্ষে জয়ের পর ইন্টার মিলানের খেলোয়াড়দের উচ্ছ্বাস

সেরি আ’র মৌসুম শেষ হতে এখনো অনেকটা সময় বাকি। কিন্তু এরই মধ্যে ঘরোয়া লিগের উত্তেজনা শেষের পথে। শিরোপা প্রত্যাশী ইন্টার মিলানের একচ্ছত্র আধিপত্য আগেভাগেই সেরি আ’র উত্তেজনা শেষ করে দিয়েছে। ৩৩ ম্যাচ থেকে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে দলটি।

দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে বড় ব্যবধানই তাদের স্বস্তি এনে দিয়েছে। নাপোলির পয়েন্ট ৩২ ম্যাচ শেষে ৬৬। শুক্রবার রাতে ক্যালিয়ারির বিপক্ষে ইন্টার মিলানের জয় এই পার্থক্য বাড়িয়ে দিয়েছে। ঘরের মাঠের খেলায় ইন্টার মিলান ৩-০ গোলে জয় পেয়েছে। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। মার্ক থুরাম, নিকোলা বারেলা ও জিয়েলিনস্কি গোল করেন।

শিরোপা দেখতে পাচ্ছে ইন্টার

মৌসুম শেষ হতে ইন্টার মিলানের এখনো পাঁচ ম্যাচ বাকি। তবে সে পর্যন্ত তাদের অপেক্ষার দরকার নাও হতে পারে। পরবর্তী দুই ম্যাচের জয় তাদের শিরোপা নিশ্চিত করতে পারে। কেননা দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১২। নাপোলি যদি তাদের সবকটি ম্যাচেই জয় পায় তাহলে পয়েন্ট হবে ৮৪। ইন্টার মিলান দুই ম্যাচেই জিতলেই সেই ৮৪ পয়েন্ট জমা হবে তাদের ভান্ডারে। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণেই আবার শিরোপা উদ্ধার হবে তাদের। বর্তমান চ্যাম্পিয়ন নাপোলিকে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হবে।

ক্যালিয়ারির বিপক্ষে ইন্টার মিলানের আক্রমণ

সমর্থকদের উদ্বেগ

দুই দলের মাঝে শক্তির ব্যাপক পার্থক্য থাকলেও এই ম্যাচ নিয়ে ইন্টার মিলানের সমর্থকদের মধ্যে উদ্বেগ কম ছিল না। ইন্টার মিলানের সাম্প্রতিক পারফরম্যান্সই তাদের এমন উদ্বেগে ঠেলে দিয়েছিল। আগের ম্যাচেই দলটি কোমোর বিপক্ষে কোনোমতে ৪-৩ গোলে জয় পেয়েছিল। শুধু তাই নয়, মার্চ মাসে অনুষ্ঠিত তিন ম্যাচের একটাতেও তারা জয় পায়নি। তিন ম্যাচের একটাতে হেরেছিল আর দুই ম্যাচে করেছিল ড্র। তারওপর এ ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না পাওয়ায় তাদের উদ্বেগের ব্যারোমিটারে পারদের উচ্চতা বাড়তে থাকে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে সেই চাপ স্বাভাবিক হয়।

কোমো এক বড় পরীক্ষা

কোমো এই মৌসুমে ইন্টার মিলানের জন্য বড় এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ১২ এপ্রিল লিগ লড়াইয়ে কোনোমতো জয় পেয়েছে ইন্টার। ইতালিয়ান কাপের সেমিফাইনালেও কোমো ইন্টার মিলানের প্রতিপক্ষ। সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়েতে কোমোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার। আগামী ২১ এপ্রিল ফিরতি লেগের খেলায় নিজেদের মাঠে মুখোমুখি হবে।

ইন্টার মিলানের সামনে এখন সেরি আ’র পাশাপাশি এই ইতালিয়ান কাপ জয়ের সুযোগ রয়েছে। সুপার কোপা থেকে তারা আগেই বিদায় নিয়েছে। একই পরিণতি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

Exit mobile version