গুরুত্বপূর্ন ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি ইরান । ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’ এখন সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ গুলোর একটি। প্রথম ম্যাচ শেষে চার দলই সমান এক পয়েন্ট করে পাওয়ায় নকআউটের সমীকরণ হয়ে উঠেছে আরও জটিল। সেই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইরান। এই ম্যাচে জয় পাওয়া দল শেষ ষোলোর পথে বড় সুবিধা পাবে, আর হার মানেই বিদায়ের চাপ অনেকটাই বেড়ে যাবে।
বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও প্রথম ম্যাচে হতাশ করেছে বেলজিয়াম। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রুডি গার্সিয়ার দল। ম্যাচে প্রথমে ইমাম আশুরের গোলে পিছিয়ে পড়ে তারা। পরে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউরোপের দলটি। সাম্প্রতিক বিশ্বকাপ পরিসংখ্যানও খুব স্বস্তিদায়ক নয়, কারণ নিজেদের শেষ তিন বিশ্বকাপ ম্যাচে জয় পায়নি বেলজিয়াম।
তবে বাছাইপর্বে দুর্দান্ত ছিল তারা। ফিফা র্যাংকিংয়ের নবম স্থানে থাকা দলটি মূল পর্বে ওঠার পথে ২৯ গোল করেছে, হজম করেছে মাত্র ৭টি। আক্রমণ ভাগে আজও ভরসা থাকবে রোমেলু লুকাকু, চার্লস ডি কেটেলারে ও লিয়ান্দ্রো ট্রোসার্ডদের ওপর।
অন্যদিকে নানা জটিলতা পেরিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া ইরান প্রথম ম্যাচে দেখিয়েছে দারুণ লড়াইয়ের মানসিকতা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা। রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মাহেবির গোল এনে দেয় মূল্যবান এক পয়েন্ট।
এটি হবে বিশ্বকাপে বেলজিয়াম ও ইরানের প্রথম মুখোমুখি লড়াই। পরিসংখ্যান অবশ্য ইরানের পক্ষে নয়। বিশ্বকাপে ১৯ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে তারা, আর ইউরোপিয়ান দল গুলোর বিপক্ষে ১০ ম্যাচে হেরেছে সাতবার। তবুও মেহদি তারেমিদের সামনে আজ সুযোগ আছে বড় মঞ্চে আরেকটি চমক দেখানোর।
