বিশ্বকাপ ফুটবলে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। সে বিচারে তাদের অনুশীলনও হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। তবে তারা অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে না। দলটি বিশ্বকাপের প্রস্তুতি নেবে মেক্সিকোয়। নিরাপত্তার কথা বিবেচনায় ইরানের বিশ্বকাপ প্রস্তুতি শিবির মেক্সিকোয় সরিয়ে নেওয়া হয়েছে।
বিশ্বকাপে অংশ নেওয়া বেশিরভাগ দেশগুলোকে সাধারণত অপরিচিত পরিবেশে খেলতে হয়। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অংশ নেওয়া দেশগুলো সাধারণত মূল প্রতিযোগিতা শুরুর বেশ কয়েকদিন আগে আয়োজক দেশে পৌঁছে যায়। সেখানে অনুশীলনের মাধ্যমে আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করে। সেই মতোই যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে ইরানের প্রস্তুতির কথা ভেবেছিলেন কর্মকর্তারা। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে দা-কুমড়া সম্পর্কের কারণে ইরানি কর্মকর্তারা সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন। তাদের প্রস্তুতি শিবির মেক্সিকোতে স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে ফিফা ইরানকে সেই অনুমতিও দিয়েছে।
ইরানের আবেদন মঞ্জুর
ইরানের সংবাদমাধ্যমে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেছেন, ভিসা পাওয়া নিয়ে তৈরি হওয়া সমস্যার জন্য আমরা প্রস্তুতি শিবির যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় নেওয়ার জন্য আবেদন করেছিলাম। ফিফা সেই আবেদন মঞ্জুর করেছে। আমরা প্রশান্ত মহাসাগরের কাছে তিজুয়ানায় অনুশীলন করবো। এই শহরটির কিছু অংশ আমেরিকার মধ্যে থাকলেও প্রশাসনিকভাবে তা মেক্সিকোর অন্তর্গত। সেখানে অনুশীলন শিবিরের সব আয়োজন করা হয়েছে।

মেহদি তাজ আরও বলেন, ভিসা সমস্যা সমাধানের পাশাপাশি যাতায়াতেরও সুবিধা হবে। মেক্সিকোয় শিবির হয়ে ইরান এয়ারের বিমানে সেখানে যাওয়ার সুযোগ থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক হামলা চালায়। তাদের হামলার পাল্টা জবাব দেয় ইরান। বর্তমানে বিশ্বকাপের এক আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্য উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। চলছে হুমকি পাল্টা হুমকি। এই পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। ফিফার মধ্যস্থতায় সেই সমস্যা মিটেছে।
ইরান এখন তুরস্কে
এই মুহুর্তে ইরানের ফুটবল দল তুরস্কে রয়েছে। সেখানে তারা প্রস্তুতি নিচ্ছে। আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ইরান ‘জি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের সঙ্গে রয়েছে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরানের বিশ্বকাপ মিশন। ইরানের দ্বিতীয় পর্বে যাওয়ার দারুণ সুযোগ রয়েছে। র্যাংকিং অনুসারে বেলজিয়াম থেকে পিছিয়ে থাকলেও মিসর ও নিউজিল্যান্ড থেকে অনেক এগিয়ে এশিয়ার দলটি। ফলে দ্বিতীয় পর্বে দেখা যেতে পারে ইরানকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















