উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের প্রথম লেগের খেলায় বড় ধাক্কা খেয়েছে জুভেন্টাস। মঙ্গলবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে গালাতাসারের কাছে বিধ্বস্ত জুভেন্টাস । ৫-২ গোলে হেরেছে। ফলে শেষ ষোলোতে পৌঁছানোর তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
দুর্ভাগ্য বলা যায় সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাসের। এগিয়ে থেকেও তারা গালাতাসারের গোল বন্যা রুখতে পারেনি। ৫-২ গোলে হারা ম্যাচে এক পর্যায়ে দলটি ২-১ গোলে এগিয়ে ছিল। প্রথমার্ধ এই ব্যবধানে খেলা শেষ করলেও দ্বিতীয়ার্ধে তারা একের পর এক গোল হজম করেছে।
প্রথম লেগের এই ফল গালাতাসারেকে বেশ সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিয়েছে। আগামী সপ্তাহে তুরিনে অনুষ্ঠিতব্য ম্যাচে না হারলেই তারা ২০১৪ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে পৌঁছাবে।
ম্যাচের শুরুতে অবশ্য গালাতাসারে এগিয়ে গিয়েছিল। গ্যাব্রিয়েল সারা ১৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। তবে এ গোলের ব্যবধান নূন্যতম সময়ও ধরে রাখতে পারেনি স্বাগতিক দল। পরের মিনিটেই জুভেন্টাস সমতা ফিরিয়ে আনে। টেনু কুপমেইনার্স গোল করেন। শুধু তাই নয়, কুমমেইনার্স ৩২তম মিনিটে আরও এক গোল করে দলকে এগিয়ে নেন। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।
বিরতির পর খেলা না শুরু হলেই যেনো ভালো হতো জুভেন্টাসের সমর্থকদের জন্য। কেননা এ অর্ধে একের পর এক গোল হজম করতে হয়েছে তাদের। শুধু তাই নয়, দেখতে হয়েছে লাল কার্ডও। হুয়ান কাবাল ৬৭ মিনিটে লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। কাবাল বহিষ্কৃত হওয়ার আগেই দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করে জুভেন্টাস। তার লাল কার্ডের পরেও দুইবার জুভেন্টাসের জালে বল পাঠায় গালাতাসারে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই গালাতাসারে গোল পায়। নোয়া লাং করেন গোলটি। তার কাছ থেকে গালাতাসারে আরও একটা গোল পায়। লাংয়ের দ্বিতীয় গোলের আগে স্কোরশিটে নাম লেখান ডেভিসন সানচেজ। আর শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে জুভেন্টাসের কফিনে শেষ পেরেকটা বসান সাচা বোয়ে।
