পাকিস্তান দলের উপর ক্ষোভ উগরে দিলেন কামরান আকমল । মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে ১০৪ রানের পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক ক্রিকেটারদের কড়া সমালোচনার পর এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দলের পরিকল্পনা, মানসিকতা এবং ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে কামরান বলেন, ম্যাচ বাঁচানো তার পক্ষে সম্ভব নয়। তবে আগের দিনই তিনি বৃষ্টির সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন। তার মতে, এক-দুই ঘণ্টা বৃষ্টি হলে ম্যাচটি হয়তো টিকে যেত। নইলে বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়া করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে পড়ত, কারণ চতুর্থ ইনিংসে ৭০ ওভার ব্যাট করা কখনোই সহজ নয়।
তিনি আরও বলেন, মাঠের বাস্তবতা না বুঝেই ম্যাচ জয়ের বড় বড় কথা বলা হচ্ছে। তার ভাষায়, এমন কথা কেবল তারাই বলতে পারেন, যারা নিয়মিত পারফর্ম করেন। পাকিস্তান দলের ক্ষেত্রে একই ভুল বারবার ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে এই হারকে তিনি লজ্জাজনক বলে আখ্যা দেন। কামরানের মতে, দলের বডি ল্যাঙ্গুয়েজ, মাঠের পরিকল্পনা এবং ম্যাচ ব্যবস্থাপনা, সবকিছুতেই ঘাটতি ছিল। তিনি প্রশ্ন তোলেন, আর কত দল পাকিস্তানকে এমনভাবে হারাবে।
কামরান বলেন, ক্রিকেট মাঠে হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়। তার মন্তব্য, বাংলাদেশ মাঠের খেলায় নিজেদের শক্তি প্রমাণ করেছে, কথার লড়াইয়ে নয়।
সমালোচনার দায় শুধু খেলোয়াড়দের ওপর না চাপিয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনাকেও কাঠগড়ায় দাঁড় করান। তার দাবি, ঘরোয়া ক্রিকেটের মান এবং খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন না আনলে আরও বড় লজ্জা অপেক্ষা করছে।
তবে সমালোচনার মাঝেও বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি কামরান। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এবং নাহিদ রানার গতির প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ এখন টেস্টে বড় দলকে হারানোর সামর্থ্য রাখে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















