চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন কাভারাৎসখেলিয়া । চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার পর ব্যক্তিগত ও দলীয় পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে পিএসজি। ইউরোপ সেরার মুকুট জয়ের একদিন পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। সেখানে সবচেয়ে বড় স্বীকৃতিটি গেছে পিএসজির জর্জিয়ান তারকা খিচা কাভারাৎসখেলিয়ার ঝুলিতে।
হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় ফরাসি ক্লাবটি।
পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্লেয়ার অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন কাভারাৎসখেলিয়া। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি আসরে করেছেন ১০ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬ গোল। ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। প্রথমার্ধে পিছিয়ে পড়া পিএসজিকে ম্যাচে ফেরাতে যে পেনাল্টি থেকে গোল আসে, সেটিও আদায় করেছিলেন তিনি।
শুধু সেরা খেলোয়াড়ের পুরস্কারই নয়, উয়েফার ঘোষিত বর্ষসেরা একাদশেও সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব পিএসজির। কাভারাৎসখেলিয়ার পাশাপাশি উসমান ডেম্বেলে, মার্কিনহোস, নুনো মেন্দেস এবং ভিতিনহাও জায়গা পেয়েছেন এই দলে।
রানার্সআপ আর্সেনাল থেকেও তিন ফুটবলার জায়গা করে নিয়েছেন বর্ষসেরা একাদশে। তারা হলেন গোলরক্ষক ডেভিড রায়া, ডিফেন্ডার গ্যাব্রিয়েল এবং মিডফিল্ডার ডেকলান রাইস।
এদিকে রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার আর্দা গুলার নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। আর মৌসুমসেরা গোলের পুরস্কার জিতেছেন তারই ক্লাব সতীর্থ ফেদেরিকো ভালভার্দে।
শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরকে আরও স্মরণীয় করে রাখল পিএসজি।
