কিংস ড্র করলেও আবাহনী জিতেছে- ফর্টিসের গোলোৎসব

কিংস ড্র করলেও আবাহনী জিতেছে- ফর্টিসের গোলোৎসব

কিংস ড্র করলেও আবাহনী জিতেছে- ফর্টিসের গোলোৎসব, ছবি : সংগৃহীত

বসুন্ধরা কিংস ড্র করলেও আবাহনী জিতেছে বাংলাদেশ ফুটবল লিগে। বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিংস। আবাহনী ২-০ গোল হারিয়ে দেয় পিডব্লিউডিকে। আর গোলের উৎসব করে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ফর্টিস।

পুলিশ এফসির বিপক্ষে কিংস ড্র করলেও আবাহনী জিতেছে। এই জয়ে এখন ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আবাহনী। কিংস ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে। কিংস অ্যারেনায় পুলিশ এফসির সঙ্গে বসুন্ধরার ম্যাচ বন্ধ থাকে ১ ঘণ্টা ১২ মিনিট! শেষ পর্যন্ত পুলিশ এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো প্রথমার্ধে কিংসকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পুলিশকে সমতায় ফেরান আরেক ব্রাজিলিয়ান পাওলো হেনরিক।

কিংস ড্র করলেও আবাহনী জিতেছে

কিংসের পয়েন্ট হারানোর দিনে পিডব্লিউডির বিপক্ষে আবাহনী জিতেছে ২-০ গোলে। তাতে পয়েন্ট টেবিলে জমে উঠেছে মধুর লড়াই। দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচ এখনও বাকি। লিগ শিরোপার চূড়ান্ত ফয়সালার ম্যাচ হতে পারে সেটি। 

আবাহনী জয়, ছবি : সংগৃহীত

এদিন শুরু থেকেই স্বাগতিকদের চোখে চোখ রেখে খেলছিল পুলিশ এফসি। দ্বিতীয় মিনিটে রাকিব হোসেনের দূরূহ কোণ থেকে নেওয়া শটে গ্লাভসের ছোঁয়ায় ক্লিয়ার করেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। ২৯ মিনিটে পুলিশের এমএস বাবলু রক্ষণব্যুহ ভেদ করে পাস বাড়িয়েছিলেন, কিন্তু হেনরিক পারেননি বলের নাগাল নিতে। চার মিনিট পর কিংসের ভালো সুযোগ নষ্ট হয়।

৩৫ মিনিটে রাকিবের ক্রসে ছোট বক্সের ভেতর থেকে লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে কিংসের রক্ষণে চাপ দিতে থাকে পুলিশ। ৫৩ মিনিটে সমতায় ফরে তারা। সতীর্থের হেড পাস বক্সের জটলার ভেতর থেকে সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন হেনরিক। জার্সি খুলে বুনো উদযাপন করে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

জমজমাট ম্যাচে অনাকাঙ্ক্ষিত কাণ্ডের শুরু ৬৩ মিনিটে। বল দখলের লড়াইয়ে ফাহিমকে ধাক্কা দেন হেনরিক।  আগে থেকেই হলুদ কার্ড দেখা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।  একজন বাংলাদেশি তুলে নিয়ে দানিলো কুইপাকে বদলি নামায় পুলিশ এফসি। কিংসের তপু আপত্তি জানান, স্থানীয় খেলোয়াড় তুলে বিদেশি বদলি নামানোর সিদ্ধান্ত নিয়ে। এ নিয়ে তপুর সঙ্গে বচসায় জড়িয়ে তাঁকে ধাক্কা দেন হেনরিক।

ডাগআউট থেকে খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশনা দেয় পুলিশ এফসির কর্তারা। তাতে খেলা বন্ধ থাকে ১ ঘণ্টা ১২ মিনিট! দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হলে রেফারি অতিরিক্ত সময় দেন ২৭ মিনিট। ১৪৪ মিনিটে ফাহিমের কর্নারে তপুর হেড ক্রসবারে লেগে ফিরে। দশ মিনিট পর বুটের তলা দিয়ে ইসমাইল হোসেনকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন রিমন হোসেন। কিংসও পরিণত হয় দশ জনের দলে। বাকি সময়ে জয়সূচক গোলের দেখা আর পায়নি কোনো দলই।

ফর্টিসের বিশাল জয়

দিনের অন্য ম্যাচে ফর্টিস ৭-১ গোলে ফকিরেরপুলকে হারায়। ফর্টিজের গাম্বিয়ান পা ওমর জোবে চার গোল করেন। এই জয়ে ফর্টিস ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ফর্টিস শেষ দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৩৭। আবাহনী ও বসুন্ধরা কিংস শেষ দুই ম্যাচ ড্র করলে শিরোপা দৌড়ে থাকবে ফর্টিসও।

আবাহনীর হয়ে পিডব্লিউডির বিপক্ষে সুলেমান দিয়াবাতে প্রথমার্ধে আর দ্বিতীয়ার্ধে সৈয়দ কাজেম শাহ কিরমানি গোল করেন। প্রথমার্ধের শেষ দিকে গোল পায় আবাহনী। ডান দিক থেকে মিরাজুল ইসলামের লম্বা ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থেকে হেডে গোল করেন মালির ফুটবলার দিয়াবাতে। 

লিগে এটি দিয়াবাতের দশম গোল। ৮২ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন আবাহনীর নাইজেরিয়ান ফুটবলার এমেকা ওগবাহ। প্লেসিংয়ে কাজেম শাহ কিরমানির গোল করতে সমস্যা হয়নি। 

Exit mobile version