২৩ অক্টোবর শুরু হচ্ছে কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স

অংশ নিচ্ছেন ৫৬৫ অ্যাথলেট

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নেবেন। এর মধ্যে পুরুষ ৪৩১ জন ও নারী ১৩৪ জন। এ ছাড়া ১১০ জন ম্যানেজার ও কোচ প্রতিযোগিতায় অংশ নেবেন। দেশের ৩৭টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সাতটি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, দুটি শারীরিক শিক্ষা কলেজ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ডাক বিভাগের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

আগামী ২৩ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের।

প্রতিযোগিতা উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম সম্পাদক মো. মনজুর মোরশেদ ও মাহবুবুল আলম টুকু এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপের কর্মকর্তাসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।

৪০ ইভেন্টে লড়বেন অ্যাথলেটরা

প্রতিযোগিতায় পুরুষ ও নারী—দুটি বিভাগে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি এবং নারীদের ১৮টি ইভেন্ট রয়েছে। দৌড়ের ইভেন্টগুলোর ফলাফল ও সময় নির্ধারণে ইলেকট্রনিক ফটোফিনিশিং মেশিন ব্যবহার করা হবে। পাশাপাশি আধুনিক সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি ইভেন্টের ফলাফল অনলাইনে প্রকাশ করা হবে।

আগামী ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতটি থ্রো ইভেন্ট অনুষ্ঠিত হবে ঢাকার বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। আর ম্যারাথন ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর শনিবার ভোর ৫টায় পূর্বাচলের ৩০০ ফিট সড়কে।

বিজয়ীদের অর্থ পুরস্কার, সেরা অ্যাথলেট পাবেন ইলেকট্রিক বাইক

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী অ্যাথলেটদের যথাক্রমে ৬ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে। রেকর্ড গড়া অ্যাথলেটদের জন্য থাকছে ২০ হাজার টাকা পুরস্কার।

এবারের প্রতিযোগিতার সেরা অ্যাথলেটকে এক্সপলয়েট কোম্পানির পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০০ সিসির একটি ইলেকট্রিক বাইক। ফেডারেশনের তিন সদস্যের কমিটি সেরা অ্যাথলেট নির্বাচন করবে।

স্থায়ী ভেন্যু নির্মাণ ও ট্যালেন্ট হান্টের পরিকল্পনা

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের বলেন, দেশের অ্যাথলেটিক্সের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর প্রথম পদক্ষেপ হিসেবে এবারের কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, অ্যাথলেটিক্সের জন্য স্থায়ী ভেন্যু নির্মাণের বিষয়েও কাজ চলছে। প্রাথমিকভাবে পল্টনে হ্যান্ডবল স্টেডিয়ামের পাশে কয়েক কাঠা জমি বিবেচনায় রাখা হয়েছে। পাশাপাশি প্রতিভাবান অ্যাথলেট খুঁজে বের করতে ১৩টি জেলাকে ট্যালেন্ট হান্ট কার্যক্রমের জন্য নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও জেলাকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

এসএ গেমসে ১০ পদকের লক্ষ্য

ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আসন্ন এসএ গেমসে বাংলাদেশের লক্ষ্য ১০টি পদক অর্জন, যার মধ্যে দুটি স্বর্ণপদক জয়ের প্রত্যাশা রয়েছে। এ লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পন্ন অ্যাথলেট তৈরি করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

স্পন্সর ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬-এর টাইটেল স্পন্সর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পাওয়ার্ড বাই প্রতিষ্ঠান আনোয়ার ইস্পাত।

প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে ওরিয়ন গ্রুপ, কাই অ্যালুমিনিয়াম, শেলটেক, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, আলফা এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গনি গ্রুপ, নোমান গ্রুপ, একেএস, রূপালী ব্যাংক লিমিটেড, প্রাণ গ্রুপ ও সামির এন্টারপ্রাইজ।

এ ছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে স্টিলটেক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আনোয়ার সিমেন্ট, সেজান, আনোয়ার সিমেন্ট শিট, ঢাকা ওয়াসা, বুয়েট, অ্যালটেক অ্যালুমিনিয়াম, এক্সপলয়েট ও প্রোফম।

spot_imgspot_img
spot_img

Related Articles