দারুণ জয়ে প্লে-অফ রেসে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার রাতে তারা নিজেদের মাঠ ইডেন গার্ডেনসে ২৯ রানে হারিয়েছে গুজরাট টাইটান্সকে। এই হারেও অবশ্য গুজরাট ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে, আর কলকাতা ১১ ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে।
ডু-অর-ডাই ম্যাচ জিতে প্লে-অফ রেসে থাকল কলকাতা দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে। গুজরাটের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তারা মাত্র দুই উইকেট হারিয়ে তোলে ২৪৭ রানের বড় সংগ্রহ। চলতি আসরে এটিই তাদের সবচেয়ে বড় সংগ্রহ।
কলকাতার এই বিশাল সংগ্রহের পেছনে বড় ভূমিকা রেখেছেন ফিন অ্যালেন ও অংকৃশ রঘুবংশী টর্নেডো ইনিংস খেলে। দলীয় ৪৪ রানে আজিঙ্কা রাহানে (১৪) সাজঘরে ফিরলেও অ্যালেন তাণ্ডব চালিয়েছেন গুজরাট বোলারদের ওপর।
ব্যাটিং নৈপুণ্যে প্লে-অফ রেসে থাকল কলকাতা
অ্যালেনের বেধড়ক পিটুনিতে যোগ দেন অংকৃশ। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ৯৫ রানের জুটি। সেঞ্চুরির পথে এগোতে থাকা অ্যালেন মাত্র ৩৫ বলে ৪টি চার ও ১০টি ছক্কায় ৯৩ রান করে সাজঘরে ফেরেন।
অবশ্য অংকৃশকে কেউ থামাতে পারেননি। তিনি তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিনের সঙ্গে অবিচ্ছিন্ন থেকে আরও ১০৮ রান যোগ করেন পরবর্তী ৫০ বলে! এতেই বিশাল সংগ্রহ পায় কলকাতা। অংকৃশ ৪৪ বলে ৪টি চার, ৭টি ছয়ে ৮২ এবং গ্রিন ২৮ বলে ৩টি চার, ৪টি ছয়ে ৫২ রানে অপরাজিত থাকেন।
গুজরাটও বেশ ভালো জবাব দিচ্ছিল। কিন্তু দলীয় ৪২ রানের সময় সাই সুদর্শন বাঁ হাতের কনুইয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। নিশান্ত সিন্ধুও (১) দ্রুত সাজঘরে ফেরেন। ওই পর্যায়ে অধিনায়ক শুবমান গিলের সঙ্গে ১২৮ রানের বিশাল এক জুটি গড়েন জস বাটলার।
গিল-বাটলারের দুর্দান্ত জুটির পর নারাইন ম্যাজিক
১৭তম ওভারে ৪৯ বলে ৫টি চার, ৭টি ছয়ে সুনিল নারাইনের স্পিনে গিল ৮৫ রানে আউট হওয়ার পর ক্রিজে ফেরেন সুদর্শন। তার সঙ্গে বাটলার ৩০ রান যোগ করেছেন। তবে গুজরাটের রান তোলার গতিটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন কলকাতার বোলাররা। বিশেষ করে নারাইন দারুণ মিতব্যয়ি বোলিং করেছেন।
বাটলার ৩৫ বলে ৫টি চার, ২টি ছয়ে ৫৭ রানে আউট হন। কিন্তু সুদর্শন ২৮ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৫৩ রানে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ২০ ওভারে চার উইকেটে ২১৮ রান করতে পেরেছে গুজরাট।
এমন হাই-স্কোরিং ম্যাচে ম্যাজিক দেখিয়েছেন রহস্যময় স্পিনার সুনিল নারাইন। তিনি চার ওভারে মাত্র ২৯ রান দিয়ে দুটি উইকেট নেন। গ্রিনও দারুণ বোলিং করে তিন ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নেন।
বাকি দুই ম্যাচ জিতলে কলকাতার প্লে-অফ খেলার একটি সুযোগ তৈরি হয়েছে এই জয়ে। তবে সেটি নির্ভর করছে সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জয়-পরাজয়ের ওপর। তারা সবাই কলকাতার ওপরে, এছাড়া গুজরাট ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরাছোঁয়ার বাইরে।
সংক্ষিপ্ত স্কোর
কলকাতা- ২৪৭/২; ২০ ওভার (অ্যালেন ৯৩, অংকৃশ ৮২*, গ্রিন ৫২*; কিশোর ১/৩৮, সিরাজ ১/৫০)।
গুজরাট- ২১৮/৪; ২০ ওভার (গিল ৮৫, বাটলার ৫৭, সুদর্শন ৫৩*; নারাইন ২/২৯, গ্রিন ১/২৫, সৌরভ ১/২৩)।
ফল : কলকাতা নাইট রাইডার্স ২৯ রানে জয়ী।
ম্যাচসেরা : সুনিল নারাইন।
