বিশ্বকাপে আর্জেন্টিনার ১১ নম্বর জার্সি পেলেন লো সেলসো । ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডের পাশাপাশি খেলোয়াড়দের জার্সি নম্বরও প্রকাশ করেছে আর্জেন্টিনা। ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি প্রশ্ন, আনহেল দি মারিয়ার ঐতিহাসিক ১১ নম্বর জার্সি এবার কার গায়ে উঠবে? সেই মর্যাদাপূর্ণ নম্বরটির নতুন মালিক হয়েছেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন সদস্যকে রেখেই এবারের স্কোয়াড সাজানো হয়েছে। ফলে সমর্থকদের দৃষ্টি ছিল বিশেষভাবে জার্সি নম্বরের দিকেই। দি মারিয়ার অবসরের পর ফাঁকা হওয়া ১১ নম্বরটি নিয়ে অনেকদিন ধরে কৌতূহল চলছিল। শেষ পর্যন্ত সেই জার্সি তুলে দেওয়া হয়েছে লো সেলসোর হাতে।
২০২৪ সালের ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান দি মারিয়া। তার বিদায়ের পর বিশ্বকাপের মঞ্চে ১১ নম্বর জার্সির উত্তরাধিকার এখন লো সেলসোর দায়িত্বে। আর্জেন্টাইন ফুটবলে এই জার্সির আলাদা আবেগ ও মর্যাদা থাকায় বিষয়টি নিয়ে সমর্থকদের আগ্রহও ছিল তুঙ্গে।
অধিনায়ক লিওনেল মেসি আগের মতোই ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। ২০১০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপেই এই নম্বর গায়ে খেলেছেন তিনি। হুলিয়ান আলভারেজ পাবেন ৯ নম্বর জার্সি, আর বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন ২৩ নম্বরে।
স্কোয়াডের জার্সি তালিকায় ১ নম্বরে হুয়ান মুসো, ২ নম্বরে লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে নিকোলাস তাগলিয়াফিকো, ৪ নম্বরে গনসালো মন্তিয়েল, ৫ নম্বরে লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ, ৭ নম্বরে রদ্রিগো ডি পল, ৮ নম্বরে ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বরে হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে লিওনেল মেসি আছেন। ১১ নম্বরে জিওভানি লো সেলসো, ১২ নম্বরে জেরোনিমো রুলি, ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বরে এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস, ১৬ নম্বরে থিয়াগো আলমাদা, ১৭ নম্বরে জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে নিকো পাজ, ১৯ নম্বরে নিকোলাস ওতামেন্দি এবং ২০ নম্বরে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার রয়েছেন। বাকি খেলোয়াড়দের মধ্যে ২১ নম্বরে হোসে ম্যানুয়েল লোপেস, ২২ নম্বরে লাউতারো মার্টিনেজ, ২৩ নম্বরে এমিলিয়ানো মার্টিনেজ, ২৪ নম্বরে এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বরে নাহুয়েল মোলিনা থাকছেন।
নতুন নম্বর, পরিচিত মুখ আর শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আবারও বড় মঞ্চে নামছে আর্জেন্টিনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















