ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ের দৌড় শেষ হচ্ছে না। বরং লিগ যতই শেষের দিকে যাচ্ছে ততই জমে উঠছে। ম্যানচেস্টার সিটি বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে। ৩- ০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। অ্যান্তোনি সেমেনয়ো, ওমর মারমোশ ও সাভিনহো গোল করেছেন।
৩৬ ম্যাচ শেষে ম্যানচস্টার সিটির পয়েন্ট ৭৭। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৯। অর্থাৎ পরবর্তী দুই ম্যাচে আর্সেনাল জয় পেলেই তারা শিরোপা জয় করবে। অন্যদিকে ম্যানসিটির শিরোপা জয় করতে হলে শুধু নিজেদের ম্যাচে জয় পেলে হবে না আর্সেনালের পয়েন্ট হারানোর দিকে তাকিয়ে থাকতে হবে।
একাধিক বদল নিয়ে দল সাজানো গার্দিওলার
প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানসিটি অনেকটা নিজেদের সম্পত্তি করে নিয়েছে। গত ৯ মৌসুমে ছয়বার শিরোপা জয় করেছে দলটি। এবার সপ্তম শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। এমন এক ম্যাচে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা দলে পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন। সামনে এফএ কাপের ফাইনাল থাকায় তাকে এ ব্যাপারে বড় ধরণের সতকর্তা অবলম্বন করতে হয়েছে। তাই তো আর্লিং হালান্ড, রায়ান চেকরি, জেরেমি ডোকুকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে।
ম্যানচেস্টার সিটি এখনো দুটো ম্যাচ বাকি থাকলেও আগামী শনিবার শিরোপা লড়াই নিষ্পত্তি হয়ে যেতে পারে। এদিনই ম্যানসিটি ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে। পরের দিন আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পাবে ওয়েস্ট হামকে। এ ম্যাচে ম্যানসিটি পয়েন্ট হারালেই আর্সেনালের শিরোপা জয় অনেকটা নিশ্চিত হবে। আর আর্সেনাল পয়েন্ট হারালে ম্যানসিটির সামনে শিরোপা দখলের সম্ভাবনা উজ্জ্বল হবে।
পরীক্ষা দিতে হয়েছে ম্যানসিটিকে
জয়ের বিকল্প নেই এমন এক ম্যাচে ক্রিস্টালের সামনে বড় পরীক্ষা দিতে হয়েছে ম্যানসিটিকে। ধীরে ধীরে খেলায় আধিপত্য বিস্তার করেছে। তার ফলও তারা পেয়েছে। যদিও প্রথমার্ধে তারা দুই গোলে এগিয়ে যায় তবে প্রথম গোলের জন্য লম্বা একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৩২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় সিটি। আট মিনিট পরই দ্বিতীয় গোল। আর শেষ গোলের জন্য অপেক্ষা ৮৪তম মিনিট পর্যন্ত।
শেষ মুুহর্তের গোলে আর্সেনালের জয়
এদিকে আর্সেনাল তাদের ম্যাচে পেয়েছে নাটকীয় জয়। নিজেদের মাঠে শেষ মুহুর্তের গোলে এভারটনকে হারিয়েছে। ৯৩তম মিনিটে জয় সূচক গোল পায় তারা। বড় ব্যবধানে জয় পেতে পারতো শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা দলটি। তবে গোলবার তাদের যেন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। তাদের তিনটি শট পোস্টে লেগে ফিরে আসে।
