বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৫০তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পরাগ।
এবারের আসরে দুই আন্তর্জাতিক মাস্টার, দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার, আট ফিদে মাস্টার, দুই মহিলা ফিদে মাস্টার, আট ক্যান্ডিডেট মাস্টার ও দুই মহিলা ক্যান্ডিডেট মাস্টারসহ পাঁচটি জোন থেকে বাছাইকৃত মোট ৫১ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
প্রথম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, সাকলাইন মোস্তফা সাজিদ, মোহাম্মদ জাভেদ ও খন্দকার আমিনুল ইসলামসহ ১৯ জন খেলোয়াড় জয় পেয়েছেন।
প্রথম রাউন্ডে মোহাম্মদ শামীম ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, মনন রেজা নীড় দিব্য দাস গুপ্তকে এবং তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেট মাস্টার টুটুল ধরকে পরাজিত করেন। এ ছাড়া ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেট মাস্টার মো. আজসমাইন পারভেজ সায়রকে এবং ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ মো. নাসির উদ্দিনকে হারান।
অন্যদিকে ক্যান্ডিডেট মাস্টার মোহাম্মদ শাকের উল্লাহ মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদকে, শফিক আহমেদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোকে এবং গোলাম মোস্তফা ভূঁইয়া শতদ্রু শোভন দেকে পরাজিত করেন।
ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদকে হারান। এ ছাড়া ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান, এস এম স্মরণ, ইকরামুল হক সিয়াম, মো. মাছুম হোসেন ও চঞ্চল কুমার ঘোষ নিজ নিজ খেলায় জয় পান। ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, হৃষিন তালুকদার, তাশরিক সায়হান শান ও মেহরাব হোসেন আয়াজও প্রথম রাউন্ডে জয় পেয়েছেন।
প্রথম রাউন্ডের উল্লেখযোগ্য ড্রয়ের মধ্যে ছিল ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের লড়াই। এ ছাড়া রায়ান রশিদ মুগ্ধ ও আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন, মো. রবিউল হোসেন ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার জোয়ার হক প্রধান ও ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ এবং ফয়সাল হোসেন ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীর মধ্যকার খেলাগুলো ড্র হয়।
নয় রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। আসর থেকে শীর্ষস্থান অর্জনকারী ১২ জন খেলোয়াড় ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। এদিকে গত আসরের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ এবং রানার-আপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেবেন।




