ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে প্রায় দুই দশকের নাইকির সঙ্গে সম্পর্কের ইতি টেনে সুইস ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান অন (On) এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। অ্যাথলেটিক ফুটওয়্যারের বাজারে নতুন প্রতিদ্বন্দ্বীদের উত্থানের মধ্যে মার্কিন জায়ান্ট নাইকির জন্য এটি আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
২০২৭ সালে নিজেদের প্রথম ফুটবল বুট বাজারে আনার পরিকল্পনা করেছে অন। প্রতিষ্ঠানটি সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরিকে ফুটবল বিভাগের পরিচালক হিসেবেও নিয়োগ দিয়েছে। খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের বাজারে অন-এর শেয়ারের দাম প্রি-মার্কেট লেনদেনে প্রায় ৫ শতাংশ বেড়ে যায়।
রজার ফেদেরারের সমর্থনপুষ্ট অন বর্তমানে আমেরিকার বাজারে সম্প্রসারণের দিকে নজর দিচ্ছে। প্রতিষ্ঠানটির মোট আয়ের অর্ধেকেরও বেশি আসে আমেরিকা অঞ্চল থেকে। তবে চলতি বছর সেখানে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ভোক্তাদের ব্যয় কম-বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এমবাপ্পের সঙ্গে নাইকির সম্পর্ক শুরু হয়েছিল ২০০৬ সালে। দীর্ঘ ২০ বছরের সেই সম্পর্কের অবসান ঘটল এবার। এর আগে বিশ্বকাপজয়ী স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকেও নাইকি হারিয়েছে, যিনি অ্যাডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
এমবাপ্পের বিদায় নিয়ে নাইকি এক বিবৃতিতে বলেছে, “মাঠে ও মাঠের বাইরে আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমরা গর্বিত। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে তার জন্য অব্যাহত সাফল্য কামনা করি।”
ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ পর্যায়ের পর এমবাপ্পেকে নাইকি তাদের অন্যতম প্রধান বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আরও বেশি গুরুত্ব দিয়েছিল। এবারের ফিফা বিশ্বকাপেও নাইকির ফুটবল বিপণনে এমবাপ্পে ছিলেন অন্যতম কেন্দ্রীয় মুখ। সম্প্রতি তাঁর জন্য বিশেষ সংস্করণের মারকিউরিয়াল বুটও উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি।
অন-এর সঙ্গে নতুন অধ্যায় নিয়ে এমবাপ্পে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আবারও ফুটবল আমাকে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটির সামনে নিয়ে এসেছে। এখন আমি এমন উদ্ভাবকদের ঘিরে আছি, যারা আমার মতোই একই স্বপ্ন দেখেন।”




