ব্যক্তিগত বিমানে ডি পলকে সঙ্গে নিয়ে কানসাসে পৌছেছেন মেসি

ব্যক্তিগত বিমানে ডি পলকে সঙ্গে নিয়ে কানসাসে পৌছেছেন মেসি

ব্যক্তিগত বিমানে ডি পলকে সঙ্গে নিয়ে কানসাসে পৌছেছেন মেসি । আরেকটি বিশ্বকাপ, আরেকটি স্বপ্নযাত্রা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে চতুর্থ ট্রফির লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই অভিযানের শুরুতেই রোববার রাতে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছেন দলনেতা লিওনেল মেসি।

মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে সতীর্থ রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে দলের সঙ্গে যোগ দেন মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপকে সামনে রেখে নতুন উদ্যমে এগোতে চান আর্জেন্টাইন অধিনায়ক। মেসি-ডি পল শেষ দিকে এলেও বুয়েনস আইরেস থেকে রওনা হওয়া আর্জেন্টিনার মূল বহর রোববার দুপুরেই কানসাসে পৌঁছে যায়।

দলের বহন করা চার্টার্ড ফ্লাইটের নম্বর ছিল ‘এআর১৯৭৮’। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের বছরকে মনে করিয়ে দেওয়া এই ফ্লাইট নম্বর যেন দলটির লক্ষ্যকেই আরেকবার সামনে এনে দেয়। ১৯৭৮ সালের সোনালি স্মৃতি এবার নতুন শিরোপার স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেখছে স্কালোনির দল।

স্কোয়াডের ১৮ ফুটবলারের পাশাপাশি অনুশীলনে সহায়তার জন্য কয়েকজন তরুণ খেলোয়াড়কেও সঙ্গে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। প্রিমিয়ার লিগে খেলা লিসান্দ্রো মার্তিনেস ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও ক্যাম্পে যোগ দিয়েছেন। এমিলিয়ানোর হাতে ব্যান্ডেজ থাকলেও তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলেই জানা গেছে।

কানসাস সিটির নবনির্মিত ‘অরিজিন হোটেল’কে বিশ্বকাপ চলাকালীন নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করবে আর্জেন্টিনা। সেখান থেকে মাত্র ২০ মিনিট দূরের ‘স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার’-এ সোমবার ভোর থেকেই শুরু হয়েছে অনুশীলন। তীব্র গরম, আর্দ্রতা আর ঝড়ের সম্ভাবনাকে মাথায় রেখে নিজেদের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফুটবলাররা।

মেসির ফিটনেস নিয়েও ভক্তদের কৌতূহল রয়েছে। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছিলেন তিনি। তবে ক্রীড়া দৈনিক ক্লারিন জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই মহাতারকা।

বিশ্বকাপে মূল লড়াই শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ১০ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল। নতুন শহর, নতুন কন্ডিশন আর পুরোনো স্বপ্ন নিয়ে এবারও শিরোপার লড়াইয়ে নামছে আর্জেন্টিনা।

Exit mobile version