রাউন্ড অফ ৩২-এ ইকুয়েডরের মুখোমুখি মেক্সিকো । নিজেদের মাঠ, গ্যালারি ভর্তি সমর্থকদের গর্জন আর টানা তিন জয়ের আত্মবিশ্বাস। এমন দুর্দান্ত ছন্দ নিয়েই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে নামছে স্বাগতিক মেক্সিকো। রাউন্ড অফ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, যারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে জায়গা করে নিয়েছে নকআউটে।
গ্রুপ পর্বে একেবারে নিখুঁত ছিল মেক্সিকো। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে তারা। তিন ম্যাচে ৬ গোল করলেও এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি স্বাগতিকরা। শক্তিশালী রক্ষণভাগ এবং দ্রুতগতির আক্রমণই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।
অন্যদিকে শুরুটা ভালো হয়নি ইকুয়েডরের। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বিদায়ের শঙ্কায় ছিল দলটি। তবে শেষ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেরা তৃতীয় দল হিসেবে টিকে যায় তারা।
মেক্সিকো দলে বড় কোনো চোট সমস্যা নেই। বিশ্রামের পর একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমেনেস। রক্ষণ ভাগেও পরিবর্তনের সম্ভাবনা কম। অন্যদিকে ইকুয়েডরের বড় ভরসা গনসালো প্লাতা ও অধিনায়ক এনের ভ্যালেন্সা। আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোলের মাইলফলক ছুঁতে ভ্যালেন্সার দরকার আর মাত্র একটি গোল।
পরিসংখ্যান বলছে, দুই দলের ২৮ দেখায় ১৭ বার জিতেছে মেক্সিকো, ইকুয়েডরের জয় মাত্র ৪টি। বিশ্বকাপে একমাত্র আগের দেখাতেও ২০০২ সালে ২-১ গোলে জয় পেয়েছিল মেক্সিকানরা।
কাগজে-কলমে এগিয়ে মেক্সিকো। তবে জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ইকুয়েডর আরেকটি অঘটনের স্বপ্ন নিয়েই মাঠে নামবে।
