মেক্সিকো-ইংল্যান্ড মহারণের পরিসংখ্যানে এগিয়ে কারা?

মেক্সিকো-ইংল্যান্ড মহারণের পরিসংখ্যানে এগিয়ে কারা?

মেক্সিকো-ইংল্যান্ড মহারণের পরিসংখ্যানে এগিয়ে কারা! বিশ্বকাপে শেষ আটে জায়গা পেতে মাঠে নামছে ইংল্যান্ড ও মেক্সিকো। দুই দলের জয়ী দলই ব্রাজিল-নরওয়ে ম্যাচে জয় দলের বিপক্ষে কোয়াটার ফাইনালে মাঠে নামবে। শেষ ষোলোতে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ড। নকআউট পর্বের এই ম্যাচকে ঘিরে দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা ।

গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল মেক্সিকো। ‘এ’গ্রুপে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়াকে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে ওঠে তারা। এরপর শেষ বত্রিশে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিকরা।

টানা চার ম্যাচেই কোনো গোল না খেয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে হাভিয়ের আগুয়েরের দল। অন্যদিকে ‘এল’ গ্রুপে ইংল্যান্ড ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়। গ্রুপ পর্বে দুটি জয় ও একটি ড্র করে নকআউটে ওঠে থ্রি লায়ন্সরা। শেষ বত্রিশে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে টমাস টুখেলের শিষ্যরা।

অধিনায়ক হ্যারি কেইনের ধারাবাহিক গোল করার ক্ষমতা ইংল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এখন পর্যন্ত ৯ বার দেখা হয়েছে। সেখানে স্পষ্ট আধিপত্য ইংল্যান্ডের। থ্রি লায়ন্স জিতেছে ৬টি ম্যাচ, মেক্সিকো জিতেছে মাত্র ১টি, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

সর্বশেষ দেখা হয়েছিল ২০১০ সালে, যেখানে ইংল্যান্ড ৩-১ গোলে জয় পেয়েছিল। পরিসংখ্যান ও সাম্প্রতিক রেকর্ড বিবেচনায় ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও মেক্সিকোর সবচেয়ে বড় শক্তি নিজেদের মাঠ। ঘরের মাঠে সমর্থকদের উচ্ছ্বাস এবং দুর্দান্ত রক্ষণ।

অন্যদিকে ইংল্যান্ডের শক্তি তাদের অভিজ্ঞ স্কোয়াড, আক্রমণভাগের কার্যকারিতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতা। বিশেষজ্ঞদের মতে, এটি হতে পারে শেষ ষোলোর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর একটি। তবে একটি ভুলই নির্ধারণ করে দিতে পারে কোয়ার্টার ফাইনালের টিকিট।

Exit mobile version