চোট কাটিয়ে ফিরেই বিশ্বকাপের স্বপ্ন দেখছেন মিচেল স্টার্ক । দীর্ঘ চোটের বিরতি কাটিয়ে গত সপ্তাহেই আবার মাঠে ফিরেছেন মিচেল স্টার্ক। ক্যারিয়ারের শেষভাগে পৌঁছে যাওয়া এই অস্ট্রেলিয়ান পেসার এখনো জাতীয় দলের হয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন। তার চোখে আছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপও।
বর্তমান সময়ের সেরা পেসারদের একজন স্টার্ক ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অস্ট্রেলিয়ার হয়ে যা কিছু জেতা সম্ভব, তার প্রায় সবই জিতেছেন তিনি। দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও আছে তার সংগ্রহে।
২০২৭ বিশ্বকাপ নিয়ে স্টার্ক বলেন, এটি এখনো অনেক দূরের ব্যাপার, তবে তিনি সেখানে থাকতে চান। তার মতে, বিশ্বকাপ সব ক্রিকেটারের কাছেই একটি বড় লক্ষ্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও তিনি এখনো ক্রিকেট উপভোগ করছেন। কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করে এগোতে চান না বলেও জানান তিনি। শরীর কেমন আছে এবং খেলার অবস্থা কেমন, সেটার ওপরই সবকিছু নির্ভর করবে বলে মনে করেন এই পেসার।
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্টার্কের চাহিদা এখনো কমেনি। বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ক্রিকেট উপভোগ করেন বলেও জানিয়েছেন স্টার্ক। তার ভাষায়, লড়াকু মানসিকতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাটাও তার কাছে আনন্দের অংশ।
চোট প্রসঙ্গে স্টার্ক জানান, কনুই আর কাঁধে কিছু সমস্যা ছিল, যা এখনও সামলে চলেছেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শরীরের ওপর চাপ কিছুটা কম পড়ে বলেও মনে করেন এই পেসার। ১৬ বছর পরও খেলায় টিকে থাকতে পেরে তিনি খুশি এবং সামনে আরও দুই-এক বছর মাঠে থাকার আশা করছেন।
