বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে পরিবর্তন এসেছে। নিগার সুলতানার জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। তার সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারি।
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিগার সুলতানা। নিজের খেলায় আরও বেশি মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার এ সিদ্ধান্তের পর থেকেই নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করে ক্রিকেট বোর্ড। তখন থেকেই বোর্ডের রাডারে ছিলেন নাহিদা। আগামী এক বছরের জন্য তাকে অধিনায়ক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।
নাহিদার সঙ্গে নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতৃত্বে যুক্ত হয়েছেন সোবহানা মোস্তারিও। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
২৬ বছর বয়সী নাহিদা দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাম হাতি স্পিনে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৩২ উইকেট নিয়েছেন নাহিদা। আইসিসি’র পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি।
সহ-অধিনায়ক সোবহানাও এরই মধ্যে জাতীয় দলে নিজের স্থান পাকা করেছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত ৭২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নিগার সুলতানা ও ফারজানা হকের তৃতীয় ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
নতুন অধিনায়ক ও সহ অধিনায়কের প্রথম পরীক্ষা হতে পারে আগামী মাসেই। ১২ থেকে ২৫ নভেম্বরে আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে খেলবে বাংলাদেশ।


