টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বরিবার দুপুরে ঢাকায় পৌঁছায় ক্যারিবিয়ানরা। তবে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। ব্যক্তিগত ও পারিবারিক কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

গত মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণার পর এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলেছিলেন কিমো পল। সিরিজ শেষে দেশে ফিরে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আর খেলা হচ্ছে না তাঁর।

কিমো পলের জায়গায় সুযোগ পাওয়া ২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্ট অভিষেক হয়নি। তবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট ও বল হাতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন এই অলরাউন্ডার। পাঁচ ম্যাচে তাঁর শিকার সাত উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছেন স্প্রিঙ্গার। এই সংস্করণে ৩২.৫৯ গড়ে তাঁর রান ১ হাজার ৪৩। পাশাপাশি ২৭.৮৭ গড়ে শিকার করেছেন ৫৮ উইকেট। চলতি বছরের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে চার ম্যাচে ২৫১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন সাত উইকেট। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই অবদান রাখার সুযোগ রয়েছে তাঁর সামনে।

কিমো পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও বিবেচনায় রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে চোটের কারণে তাঁদের কাউকেই দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিডব্লিউআই। শেষ পর্যন্ত স্প্রিঙ্গারকেই বেছে নেয় দলটির নির্বাচকরা।

এর আগে চোটের ঝুঁকি এড়াতে পেসার আলজারি জোসেফকে দল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন কিমো পল। এবার পলের দেশে ফিরে যাওয়ায় নতুন করে স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন স্প্রিঙ্গার। সব মিলিয়ে বাংলাদেশ সফরের আগে দল সাজাতে একাধিক পরিবর্তন আনতে হয়েছে ক্যারিবীয়দের।

বাংলাদেশ সফরে আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে, ৫ থেকে ৯ নভেম্বর।

spot_imgspot_img
spot_img

Related Articles