ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ে নাহিদ রানার চমৎকার বোলিংয়ের ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। দুর্দান্ত বোলিং করে ওয়ানডে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন গতিময় পেসার। ব্যাট হাতে আলো ছড়িয়ে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানও।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি প্রকাশ করে আইসিসি। যেখানে ওয়ানডে বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন নাহিদ। ব্যাটসম্যানদের তালিকায় শান্তর অগ্রগতি দুই ধাপ, তানজিদের সাত।
গত মঙ্গলবার মিরপুরে প্রথম ওয়ানডে সিরিজের বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারায় বাংলাদেশ। ২১ বছর পর তাসমান সাগর পারের দলটির বিপক্ষে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
সবশেষ টেস্ট সিরিজে গতির ঝড়ে পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া নাহিদ, অস্ট্রেলিয়ার বিপক্ষেও করেন আগুনঝরা বোলিং। ১০ ওভারে ৪১ রান দিয়ে ম্যাচের সর্বোচ্চ চার উইকেট নেন তিনি।
ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ২৪তম স্থানে আছেন নাহিদ, যা তার ক্যারিয়ার সেরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন কেবল একজন, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের মতোই আট নম্বরে এই স্পিনিং অলরাউন্ডার।
২৪ রান দিয়ে দুই উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অগ্রগতি দুই ধাপ, অবস্থান ৩৭তম। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১৩ ধাপ এগিয়ে এখন ৩১তম স্থানে ন্যাথান এলিস।
গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলে পাকিস্তান। সেদিন দুই উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখা লেগ স্পিনার আবরার আহমেদ এগিয়েছেন দুই ধাপ। বোলারদের মধ্যে এখন দ্বিতীয় স্থানে তিনি। আগের মতোই শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই উইকেট হারানো বাংলাদেশকে শক্ত ভিত গড়ে দেন শান্ত ও তানজিদ। একটি ছক্কা ও নয়টি চারে ৬৭ রান করেন শান্ত। এই পারফরম্যান্সে দুই ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এখন ২৯ নম্বরে তিনি। আর এক ছক্কা ও সাত চারে ৫৪ রান করা তানজিদ আছেন ৩৩তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে এক ধাপ পিছিয়ে ২৭তম স্থানে নেমে যাওয়া তাওহিদ হৃদয়।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। আর অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














