ফ্রেঞ্চ ওপেনে পোশাকেও উজ্জ্বল নাওমি ওসাকা

নতুন পোশাকে নাওমি ওসাকা

ফ্রেঞ্চ ওপেনের লাল মাটির কোর্টে যেন হঠাৎই নেমে এলো এক টুকরো সোনালি ঝলক। নাওমি ওসাকা কেবল র্যাকেট হাতে প্রতিপক্ষের বিপক্ষে লড়তে নামেননি, তিনি যেন নিজের উপস্থিতিকেই পরিণত করেছিলেন এক নান্দনিক কবিতায়। সোনালি রঙের সেই পোশাকে ওসাকাকে মনে হচ্ছিল ভোরের প্রথম সূর্যরশ্মি—নরম, দীপ্তিময়, অথচ আত্মবিশ্বাসে উজ্জ্বল।

কোর্টের প্রতিটি দৌড়ে, প্রতিটি সার্ভে আর চোখের গভীর মনোযোগে মিশে ছিল এক ধরনের শিল্পরূপ। দর্শকদের চোখে তখন শুধু খেলা নয়, ধরা পড়ছিল স্টাইল আর ব্যক্তিত্বের এক অনন্য মেলবন্ধন। প্যারিসের আকাশের নিচে ওসাকার সেই সোনালি আবির্ভাব যেন মনে করিয়ে দিল-টেনিস কেবল প্রতিদ্বন্দ্বিতার গল্প নয়, এটি সৌন্দর্য, সাহস আর নিজস্বতাকে প্রকাশ করারও এক মঞ্চ। তার পোশাকের ঝলক যেনো রাতের আইফেল টাওয়ারের ঝলকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। চমৎকার এক পোশাক পরে মেজর টুর্নামেন্টগুলোতে চোখধাঁধানো সাজের ঐতিহ্য অব্যাহত রেখেছেন।

খেলাতেও ঝলক ওসাকার

শুধু পোশাকে নয়, খেলাতেও ওসাকা ঝলক দেখিয়েছেন। চারবার গ্র্যান্ডস্লামজয়ী এই জাপানি তারকা প্রথম রাউন্ডে উড়িয়ে দিয়েছেন জার্মানির লাউরা সিয়েগেমুন্ডকে। ৬-৩, ৭-৬(৭-৩) গেমে ম্যাচ জিতেছেন তিনি।

নাওমি ওসাকার নতুন পোশাক

এমন পোশাকের ব্যাখ্যায় ২৮ বছর বয়সী এই তারকা বলেন, মজার ব্যাপার হলো, রাতের বেলায় আইফেল টাওয়ার কতটা ঝলমল করে তা আপনার জানা আছে। আমার মনে হয় আমাকে এখন তেমনই উজ্জ্বল দেখাচ্ছে।

ওসাকার পোশাকের প্রশংসায় সাবালেঙ্কা

ওসাকার এমন পোশাকে অন্যদের মনেও আলো ছড়িয়েছে। তেমনই একজন শীর্ষ বাছাই তারাক আরিনা সাবালেঙ্কা। তিনি বলেন, সত্যিই দূর্দান্ত। আমার পছন্দ হয়েছে। সে নিজেকে মেলে ধরেছে- তার এই কাজটাকে আমি পছন্দ করি। একই সঙ্গে সে আত্মবিশ্বাসী বোধা করছে। এটাই ফ্যাশন জগতের সৌন্দর্য। এখানে সবকিছুরই সুযোগ রয়েছে। সে এটাকে কোর্টে নিয়ে এসেছে-এটা দেখে আমার ভালো লেগেছে।

কোর্টে নামার আগে উদ্বেগ ওসাকার

এমন এক ঝলমলে পোশাকে কোর্টে নামতে পেরে দারুণ আনন্দিত ওসাকা। তবে বিষয়টি মোটেও সহজ ছিল না। ওসাকা নিজেই একটু সন্দিহান ছিলেন। তার আশঙ্কা ছিল এমন পোশাকে তাকে হয়তো কোর্টে নামতে দেওয়া হবে না।

ওসাকা আরও বলেন, পোশাকটি আমি যখন প্রথম দেখলাম তখন আমার কাছে এটা রাতের আইফেল টাওয়ারের মতো মনে হলো। তবে আমি কিছুই চিন্তিত ছিলাম। কেননা যখন পোশাকের ওপর সূর্যের আলো পড়ে তখন তা প্রতিফলিত হয়। সে কারণে আম্পায়ার এই পোশাকে আমাকে খেলতে দেবে কিনা তা নিয়ে চিন্তিত ছিলাম। সে কারণে আমি দুটো সাধারণ পোশাকও নিয়ে এসেছিলাম। যাহোক শেষ পর্যন্ত আমাকে সে সব পোশাক ব্যবহার করতে হয়নি।

Exit mobile version