নেশন্স লিগের জন্য প্রস্তুত রোনালদো

নেশন্স লিগের জন্য প্রস্তুত রোনালদো ! বয়সের সঙ্গে গতি কিছুটা কমেছে, পারফরম্যান্সেও আগের মতো ধার নেই। তবে গোলের ক্ষুধা এখনও কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে থাকা পর্তুগালের এই তারকা ফরোয়ার্ডকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় দলের নতুন কোচ জর্জে জেসুস।

একই সঙ্গে জেসুস স্পষ্ট করেছেন, ৪১ বছর বয়সী অধিনায়ককে প্রতিটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলানোর পরিকল্পনা নেই তাঁর। ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের নেশন্স লিগ অভিযান শুরু করবে পর্তুগাল। আজ নিজেদের মাঠে ম্যাচটি খেলবে তারা। এবারের আন্তর্জাতিক বিরতিতে আরও তিনটি ম্যাচ রয়েছে পর্তুগালের।

নেশন্স লিগ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন রোনালদো ও তাঁর সতীর্থরা। এরই মধ্যে বুধবার পর্তুগাল ফুটবল সামিটে নিজের দুটি লক্ষ্য নিয়ে কথা বলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা-ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়া এবং পর্তুগালকে নেশন্স লিগে তৃতীয় শিরোপা এনে দেওয়া।

পরে সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হন কোচ জেসুস। বিশেষ করে পুরো ৯০ মিনিট রোনালদো খেলবেন কি না, এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কিছুটা রসিকতার সুরেই নিজের পরিকল্পনা জানান তিনি। জেসুস বলেন, আমার মনে হচ্ছে, আপনারা জানতে চাচ্ছেন ক্রিস (রোনালদো) খেলার জন্য ফিট কি না। সে পর্তুগালের প্রতীক। তবে এটাই তাকে সব ম্যাচ খেলার অধিকার দেয় না।

রোনালদোকে নিয়ে নিজের পরিকল্পনা বোঝাতে এরপর একটি উদাহরণও দেন জেসুস। তিনি বলেন,

আপনাদের একটা ধারণা দিই। তাকে ছাড়া আমরা হংকংয়ে একটি ম্যাচ খেলেছিলাম, সেখানে পাঁচ হাজার দর্শক হয়েছিল। আর যখন সে খেলেছিল, তখন ৫৫ হাজার দর্শক হয়েছিল।

রোনালদোর গোল করার সামর্থ্যের ওপর আস্থার কথাও জানান পর্তুগালের কোচ। তাঁর ভাষায়, ‘আগামীকাল সে খেলবে এবং মাঠে নেমেই দ্রুত এক-দুটি গোল করবে। তখন আমি তাকে তুলে নিতে পারব।

অর্থাৎ রোনালদোকে নিয়ে জেসুসের পরিকল্পনা শুধু তাঁকে মাঠে নামানোতেই সীমাবদ্ধ নয়; প্রয়োজন অনুযায়ী বিশ্রাম দেওয়ার কথাও ভাবছেন তিনি। তবে নেশন্স লিগের শুরুতেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে-এটাই পর্তুগালের জন্য স্বস্তির খবর।

spot_imgspot_img
spot_img

Related Articles