বিশ্বকাপে পেলের ১০ নম্বর জার্সির রেকর্ডেও চোখ নেইমারের । নেইমারের বিশ্বকাপ দলে ফেরার খবর নিয়ে ইতিমধ্যেই ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় বইছে। সেই আলোচনার সুত্রেই সামনে এসেছে নতুন এক রেকর্ডের কথা। সান্তোসের এই তারকা বিশ্বকাপে ফিরলে পেলের একটি বিশেষ রেকর্ডেও ভাগ বসাতে পারেন তিনি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে একমাত্র খেলোয়াড় হিসেবে ১০ নম্বর জার্সি গায়ে চারটি বিশ্বকাপে খেলেছিলেন। নেইমারও এবার সেই তালিকায় নাম লেখানোর সুযোগ পাচ্ছেন।
নেইমার প্রথমবার ১০ নম্বর জার্সি পরেন ২০১৪ বিশ্বকাপে। এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই জার্সিতেই মাঠে নামেন তিনি। এখন পর্যন্ত বিশ্বকাপে তার রেকর্ড ১৩ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট। তাই আবারও বিশ্বমঞ্চে তার হাতে ১০ নম্বর জার্সি উঠবে বলেই ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের পর ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। এই সময়ে শেষবার ভিনিসিয়ুস জুনিয়র জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরেন। ফলে নেইমারের ফেরার সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্যবাহী জার্সিটিও তার কাছেই ফিরবে বলে ধরে নেওয়া হচ্ছে। জাতীয় দলে তার অনুপস্থিতির সময়ে ১০ নম্বর জার্সি নিয়ে অন্য ফুটবলারদের নাম এলেও নেইমারের জায়গা অন্য কারও জন্য পাকাপাকি হয়নি।
২০২৪ সালের কোপা আমেরিকায় ১০ নম্বর জার্সি পরার কথা ছিল রদ্রিগোর। তবে চোটের কারণে তিনি স্কোয়াড থেকেই ছিটকে যান। প্রতিযোগিতা শুরুর আগেই রদ্রিগো জানিয়েছিলেন, এই জার্সি তিনি প্রকৃত মালিক নেইমারের জন্যই রেখে দিচ্ছেন। তার সেই মন্তব্যও তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
ব্রাজিলের হয়ে পেলে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেছিলেন। সেই জার্সিতেই ব্রাজিলের প্রথম তিনটি বিশ্বকাপ জয়ের পথে নেতৃত্ব দেন তিনি। এ কারণেই ১০ নম্বর ব্রাজিলিয়ান ফুটবলে শুধু একটি সংখ্যা নয়, বরং গৌরবের প্রতীক।
নেইমার এখন পর্যন্ত সেই পেলার মতো করে শিরোপা ছুঁতে না পারলেও, ১০ নম্বর জার্সির মর্যাদা ধরে রাখার লড়াইয়ে তিনি এখনও ব্রাজিলের সবচেয়ে বড় নামগুলোর একটি। আসন্ন বিশ্বকাপে তাকে আবার দেখা গেলে, সেটি শুধু একটি প্রত্যাবর্তনই হবে না, বরং পেলের ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার আরেকটি অধ্যায়ও হয়ে উঠবে।
