ভারত, কুয়েত ও কিরগিজস্তানের গ্রুপে বাংলাদেশ ফর্টিস

এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া, কুয়েতের কাদসিয়া এসসি ও কিরগিজস্তানের এফসি রেগার-তাদজ। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র।

মূল পর্বের ম্যাচ হবে ১৭ থেকে ২৪ অক্টোবর। ‘সি’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কুয়েতে। প্রিলিমিনারি রাউন্ডে মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে ফর্টিস। বসুন্ধরা কিংস অ্যারেনায় পাওয়া সেই সাফল্য এবার কুয়েতেও ধরে রাখার কঠিন পরীক্ষায় পড়তে হবে মাসুদ পারভেজ কায়সারের দলকে। কারণ, গ্রুপের তিন প্রতিপক্ষই ইতিহাস ও সাফল্যের দিক থেকে ফর্টিসের চেয়ে অনেক এগিয়ে।

এফসি গোয়া ২০১৯-২০ মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন। ভারতের ঘরোয়া ফুটবলেও সাম্প্রতিক সময়ে তারা বেশ সফল। সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে জিতেছে সুপার কাপ।

কুয়েতের কাদসিয়ার সাফল্যের গল্প আরও সমৃদ্ধ। কুয়েত প্রিমিয়ার লিগে তাদের শিরোপা ১৭টি। সর্বশেষবার তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫-১৬ মৌসুমে। কুয়েত আমির কাপেও ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।

কিরগিজস্তানের রেগার-তাদজও ঘরোয়া ফুটবলে সফল দল। তাদের ট্রফি কেবিনেটে রয়েছে লিগাই ওলি তজিকিস্তোনের সাতটি শিরোপা এবং তাজিকিস্তান ট্রফির আটটি ট্রফি।

তুলনায় ফর্টিসের অর্জনের তালিকা বেশ ছোট। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে দেশের শীর্ষ স্তরের ফুটবলে উঠে আসাই তাদের এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য। গত লিগেও তারা তৃতীয় হয়েছিল। বসুন্ধরা কিংস ও আবাহনী ফিফার নিষেধাজ্ঞায় থাকায় এবার এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে ফর্টিস।

তবে সুযোগ পাওয়ার পর প্রিলিমিনারি রাউন্ডের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। এবার কুয়েতে আরও বড় চ্যালেঞ্জ-এশিয়ার অভিজ্ঞ ও সফল তিন ক্লাবের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles