ইংল্যান্ডের মুখোমুখি পানামা – ম্যাচের আগে উত্তেজনা পানামা শিবিরে

ইংল্যান্ডের মুখোমুখি পানামা

ইংল্যান্ডের মুখোমুখি পানামা – ম্যাচের আগে উত্তেজনা পানামা শিবিরে । বিশ্বকাপে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে পানামার। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ ‘এল’ থেকে ছিটকে গেছে মধ্য আমেরিকার দলটি। তবে টুর্নামেন্ট শেষ করার আগে এবার তাদের সামনে আরেকটি কঠিন পরীক্ষা, শক্তিশালী ইংল্যান্ড। শনিবার মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচের আগে অবশ্য অস্বস্তিকর এক ঘটনায় আলোচনায় উঠে এসেছে পানামা শিবির। উন্মুক্ত অনুশীলনের সময় ফরোয়ার্ড সেসিলিও ওয়াটারম্যান এবং উইঙ্গার হোসে লুইস রদ্রিগেজের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা তৈরি হয়। একপর্যায়ে ওয়াটারম্যান সতীর্থ রদ্রিগেজকে বুকে ধাক্কা দিলে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে অন্য খেলোয়াড়রা দ্রুত হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং অনুশীলন আবার শুরু হয়।

তবে ঘটনাটি নিয়ে কোনো উদ্বেগ দেখাননি পানামার প্রধান কোচ টমি ক্রিশ্চিয়ানসেন। বরং তিনি এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ বলেন, এমন ঘটনা প্রমাণ করে খেলোয়াড়দের মধ্যে এখনো প্রতিদ্বন্দ্বিতা ও জয়ের ক্ষুধা আছে। তার মতে, প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াই থেকেই এমন উত্তেজনা তৈরি হয় এবং এটিকে দলের জীবন্ত মানসিকতার প্রতিফলন হিসেবে দেখা উচিত।

অন্যদিকে ইংল্যান্ড রয়েছে দারুণ অবস্থানে। প্রথম দুই ম্যাচে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে নকআউটের খুব কাছাকাছি পৌঁছে গেছে তারা। ফলে এই ম্যাচে জয় পেলে গ্রুপসেরা হিসেবেই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আরও শক্ত হবে থ্রি লায়ন্সদের।

যদিও পানামার সামনে আর নকআউটের সুযোগ নেই, তবুও সম্মান রক্ষার শেষ লড়াইয়ে তারা নিজেদের সেরাটা দিতে চাইবে। আর ইংল্যান্ড চাইবে আত্মবিশ্বাস ধরে রেখে নকআউটের আগে আরও একটি জয় তুলে নিতে।

Exit mobile version