গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল ও কলম্বিয়া

গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল ও কলম্বিয়া

গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল ও কলম্বিয়া । ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল ও কলম্বিয়া, তবে শেষ ম্যাচে এখন লড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৫টা ৩০ মিনিটে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া, আর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে কলম্বিয়া। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করেছে দক্ষিণ আমেরিকার দলটি। ফলে ড্র করলেই গ্রুপ সেরা হিসেবেই শেষ করবে তারা। অন্যদিকে পর্তুগালের শুরুটা ছিল হতাশাজনক। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমালোচনায় পড়ে যায় রবার্তো মার্টিনেজের দল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। সেই ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বিশ্বকাপে ছয় ভিন্ন আসরে গোল করার অনন্য রেকর্ড গড়েন এই পর্তুগিজ তারকা।

গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করলে নকআউট পর্বে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে পর্তুগালের। তাই রোনালদোরা জয় ছাড়া কিছু ভাবছে না। ম্যাচের আগে কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো জানিয়েছেন, পর্তুগালের বিপক্ষে দলীয় শৃঙ্খলা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, ভিতিনহা মাঝমাঠ নিয়ন্ত্রণ করেন, আর রোনালদো এখনো গোলের সামনে সবচেয়ে ভয়ংকর ফুটবলারদের একজন।

অন্যদিকে রবার্তো মার্টিনেজ মনে করছেন, মিয়ামিতে বিপুল সংখ্যক কলম্বিয়ান সমর্থকের উপস্থিতি ম্যাচটিকে কঠিন করে তুলবে। অপটার সুপারকম্পিউটার অবশ্য জয়ের সম্ভাবনায় কিছুটা এগিয়ে রেখেছে পর্তুগালকে।

দুই দলই ছন্দে আছে, দুই দলই নকআউটে। তবে এবার লক্ষ্য একটাই, গ্রুপ সেরা হয়ে আত্মবিশ্বাস নিয়ে রাউন্ড অফ ৩২ এর পথে এগিয়ে যাওয়া।

Exit mobile version