রোনালদোকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা পর্তুগালের । বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ সামনে রেখে অবশেষে পর্তুগাল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। কোচ রবার্তো মার্তিনেস ২৭ সদস্যের যে দলটি প্রকাশ করেছেন, সেখানে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সেও জাতীয় দলের ভরসার নাম রোনালদো এবার খেলতে যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।
এই স্কোয়াড সাজাতে গিয়ে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার সমন্বয় করার চেষ্টা করেছেন মার্তিনেস। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে ছড়িয়ে রয়েছে ইউরোপের শীর্ষ লিগে খেলা একাধিক ফুটবলার, যারা দীর্ঘদিন ধরে জাতীয় দলে নিয়মিত খেলছেন। একই সঙ্গে জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ, যাদের ওপর ভবিষ্যতের আস্থা রাখছে পর্তুগাল।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে খেলবে রোনালদো বাহিনী।
গোলরক্ষক হিসেবে দলে আছেন দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা এবং রিকার্দো ভেলহো। রক্ষণভাগে রয়েছেন দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো এবং ম্যাথিউস নুনেস।
মাঝমাঠ ও আক্রমণভাগে দলে জায়গা পেয়েছেন রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস এবং গনসালো রামোস।
অভিজ্ঞ তারকাদের নেতৃত্বে এবং তরুণদের গতিময়তায় সাজানো এই দল নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে পর্তুগাল। এখন দেখার বিষয়, এই ভারসাম্যপূর্ণ স্কোয়াড কতটা কার্যকর প্রমাণিত হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে।
