বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঘরের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ঘরের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের জয়ের রেকর্ড থাকলেও দেশের মাটিতে এবারই সাদা পোশাকে প্রথমবারের মতো জয় পেলো টাইগাররা।

মিরপুর টেস্টের ৫ম ও শেষ দিন বল হাতে আগুন ঝড়িয়েছেন পেসার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগ, পিএসএল মাতিয়ে আসা নাহিদ পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ৯ ওভার ৫ বলে দুই মেইডেন ও ৪০ রানের বিনিময়ে এই সাফল্য পেয়েছেন নাহিদ। ২৬৮ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৬৩ রানে গুটিয়ে যায়। আর বাংলাদেশ জয় পায় ১০৪ রানের বড় ব্যবধানে।

২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পর পাকিস্তানের বিপক্ষে পরের বছরই টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ। সেই দলটার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ দলকে। ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিণ্ডিতে দুই টেস্টের সিরিজে ২-০ তে জয় পাওয়ার আগে ১৩টেস্টের ১২টিতেই হারতে হয় টাইগারদের।

এর মধ্যে ২০০৩ সালের ৩-৬ সেপ্টেম্বর মুলতান টেস্টে জয়ের মুখে থেকেও স্বাগতিকদের কাছে এক উইকেটে হারতে হয়েছিলো বাংলাদেশকে। ওই ম্যাচে পাকিস্তানকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন ইনজমাম-উল-হক। ২৬১ রানের টার্গেটে ১৩৮ রানে অপরাজিত ছিলেন ইনজামাম। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছিলেন ওপেনার সালমান বাট।

রাওয়াল পিণ্ডিতে টানা দুই টেস্ট জয়ের পর এবার মিরপুরেও জয়। সব মিলিয়ে সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ১৬ মে থেকে।

Exit mobile version