সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে চালকের আসনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৪ রান তুলেছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের চেয়ে ৪০৩ রানে এগিয়ে গেছে প্রোটিয়ারা। ম্যাচের আরও তিন দিন বাকি থাকায় লিড আরও বড় করতে চাইবে দক্ষিণ আফ্রিকা। তবে ঠিক কখন ইনিংস ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছুই জানেন না ব্যাটার টনি ডি জর্জি।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে দলের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে কথা বলেন ডি জর্জি। বিশেষ করে দেড়শ রান করা মার্কেস অ্যাকারম্যানের প্রশংসা করেন তিনি। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, চোট থেকে ফিরে আসা সহজ ছিল না। তবে এই সময়টাতে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। অ্যাকারম্যানকে স্কুলজীবন থেকেই চেনেন তিনি। তার উন্নতি এবং দলের জন্য অবদান দেখে আনন্দিত ডি জর্জি।
অ্যাকারম্যানের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই প্রোটিয়া ব্যাটার বলেন, তার ব্যাটিং উপভোগ করেছেন তিনি। তবে নিজেকে তার মতো করে খেলানোর চেষ্টা করেননি। বরং অ্যাকারম্যানকে স্ট্রাইকে রেখে নিজের মতো করে ইনিংস এগিয়ে নিতে চেয়েছেন।
নিজের ব্যাটিং নিয়েও কথা বলেছেন ডি জর্জি। ইনিংসের সময় ক্র্যাম্প এবং হাতে আঘাতের সমস্যায় ভুগেছেন তিনি। শারীরিক অস্বস্তি থাকলেও শান্ত থেকে ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তার মতে, নিজের সঙ্গে লড়াই করেই পরিস্থিতি সামাল দিতে হয়েছে।
দলের জন্য বড় জুটি গড়াই ছিল মূল লক্ষ্য বলে জানান তিনি। বিশেষ করে অ্যাকারম্যানের সঙ্গে জুটি গড়ে স্কোরবোর্ডে বড় সংগ্রহ যোগ করতে চেয়েছিলেন। নেটে অনেক অনুশীলন করলেও ম্যাচের ছন্দে ফিরতে কিছুটা সময় লেগেছে বলে স্বীকার করেন এই ব্যাটার। পাশাপাশি বাংলাদেশের পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার সময় নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে ডি জর্জি বলেন, ‘এসব সিদ্ধান্ত আমি নিই না। আরও বড় মানুষরা আছেন, তাদের জিজ্ঞেস করতে হবে।’ তবে দলের লক্ষ্য পরিষ্কার, দাপট ধরে রেখে ম্যাচ জয়ের মতো অবস্থানে পৌঁছানো।




