রিয়াল মাদ্রিদের পরিচালক হলেন রাফায়েল নাদাল

স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল এবার যুক্ত হলেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। শনিবার (২১ নভেম্বর) ক্লাবের সাধারণ সভায় তার নিয়োগ অনুমোদিত হয়। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকার অন্তর্ভুক্তিকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

মাদ্রিদের ভালদেবেবাসে অবস্থিত ক্লাবের সিউদাদ রিয়াল মাদ্রিদে অনুষ্ঠিত সাধারণ সভায় নাদালের নিয়োগের পক্ষে ৯৯ দশমিক ৫ শতাংশ ভোট পড়ে। মোট ১ হাজার ৭১৩টি ভোটের মধ্যে ১ হাজার ৭০৪টি ছিল তার পক্ষে। বিপক্ষে ভোট দেন মাত্র চারজন এবং ভোটদানে বিরত থাকেন পাঁচজন। এর মধ্য দিয়ে পরিচালনা পর্ষদের নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পান ৪০ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।

সভার শুরুতেই নাদালকে পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সভাপতির টেবিলে বসার আমন্ত্রণ জানান পেরেজ। উপস্থিত সদস্যদের করতালির মধ্য দিয়ে তিনি সেখানে যোগ দেন। পরে বিশেষ সাধারণ সভায় তার নিয়োগের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।

২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য হিসেবে রয়েছেন নাদাল। ছোটবেলা থেকেই ক্লাবটির সমর্থক এই টেনিস তারকার সঙ্গে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। গত ৪ নভেম্বর ক্লাবের পরিচালনা পর্ষদ তার নাম নতুন সদস্য হিসেবে প্রস্তাব করে। শনিবারের ভোটাভুটিতে সেই প্রস্তাব অনুমোদন পায়।

নতুন দায়িত্বকে নিজের জন্য বিশেষ সম্মান হিসেবে উল্লেখ করে নাদাল বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই। আপনি যখন আমাকে সম্মানসূচক সদস্য করেছিলেন, সেটি ছিল আমার জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। আর আজকের দিনটি সেই সম্পর্কের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।’

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের অংশ হওয়াকে বিশাল দায়িত্ব হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘এই ক্লাব প্রজন্ম থেকে প্রজন্মে বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের কাছে ছড়িয়ে পড়ে। এটি মানুষকে একসূত্রে গাঁথে। পরিবার ও বন্ধুদের সঙ্গে এই ক্লাবের খেলা উপভোগ করার মধ্য দিয়ে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এমন একটি দায়িত্ব পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি।’

নাদালের অন্তর্ভুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তার মতে, ‘এই অন্তর্ভুক্তি কেবল একজন অসাধারণ ব্যক্তিত্বকে দলে নেওয়ার বিষয় নয়; বরং এর অর্থ হলো, ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা এক কিংবদন্তি আমাদের সঙ্গে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ গড়তে চান।’

ক্লাবটির প্রতি নাদালের দীর্ঘদিনের ভালোবাসার বিষয়টিও তুলে ধরেন পেরেজ। তিনি বলেন, ‘রাফায়েল নাদাল আমাদেরই একজন। তিনি রিয়াল মাদ্রিদের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন এবং সব সময় গর্বের সঙ্গে নিজের সমর্থনের কথা প্রকাশ করেছেন। আমি নিশ্চিত, আগামী প্রজন্মের জন্য আমরা যে রিয়াল মাদ্রিদ গড়ে তুলতে চাই, তা বাস্তবায়নে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

টেনিস কোর্টে অসাধারণ সাফল্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত নাদাল। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি জিতেছেন ২২টি গ্র্যান্ড স্লাম একক শিরোপা, যার মধ্যে রেকর্ড ১৪টিই ফ্রেঞ্চ ওপেনের। এ ছাড়া দুটি অলিম্পিক স্বর্ণপদক, স্পেনের হয়ে পাঁচটি ডেভিস কাপ শিরোপাসহ মোট ৯২টি একক শিরোপা রয়েছে তার অর্জনের তালিকায়। দীর্ঘদিন বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখলে রেখেছেন তিনি। ২০২৪ সালে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দেন এই স্প্যানিশ তারকা।

এর আগে ২০২৩ সালে এক সাক্ষাৎকারে ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন নাদাল। তবে একই সঙ্গে সেই পদের জন্য নিজেকে যথেষ্ট যোগ্য মনে করেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন। চলতি বছরের জুনে ক্লাবের সভাপতি নির্বাচনের আগে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই দৌড় থেকে নিজেকে দূরে রাখেন তিনি।

উল্লেখ্য, গত জুনে এনরিকে রিকুয়েলমেকে পরাজিত করে আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হন ফ্লোরেন্তিনো পেরেজ। নতুন মেয়াদে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির নেতৃত্ব দেবেন তিনি। নাদালের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এবার পরিচালনা পর্ষদেও যুক্ত হলো ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত ও সম্মানিত একটি নাম।

spot_imgspot_img
spot_img

Related Articles