কিলিয়ান এমবাপ্পের দূর্দান্ত জোড়া গোল, আরদা গুলারের দৃষ্টিনন্দন ফিনিশিং আর ইয়ান দিয়োমন্দের শেষ মুহুর্তের আঘাত- সব মিলিয়ে লা লিগায় সেভিয়াকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার নিজেদের মাঠের খেলায় ৪-১ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি।
সেভিয়ার বিপক্ষে এই জয় রিয়াল মাদ্রিদকে আগামী সপ্তাহের অনুষ্ঠিতব্য এল ক্ল্যাসিকোর আগে দারুণ আত্মবিশ্বাস এনে দেবে। দলের অন্যতম তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই এমন দাপুটে জয় রিয়াল মাদ্রিদের আত্মবিশ্বাসের ব্যারোমিটারে পারদের উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসেছে।
শুরু থেকেই আক্রমণাত্মক রিয়াল মাদ্রিদ
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে একের পর এক গোলের সুযোগ খুঁজতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৩০ মিনিটে আরদা গুলের বাঁকানো শটে এগিয়ে যায় তারা। দারুণ নিয়ন্ত্রিত শটে বল জালে জড়িয়ে রিয়ালকে প্রথম গোলের স্বস্তি এনে দেন এই তুর্কি মিডফিল্ডার।
সাত মিনিট পর ব্যবধান দ্বিগুন করে এমবাপ্পে। সতীর্থদের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় গড়ে ওঠা একটা দলীয় আক্রমণকে নিখুঁত ফিনিশিংয়ে গোলে পরিণত করেন ফ্রান্সের এই তারকা। তার গতিময়তা, বলের ওপর নিয়ন্ত্রণ ও গেলের সামনে ঠান্ডা মাথার উপস্থিতি আবারও বুঝিয়ে দেয় কেন তাকে ঘিরে রিয়ালের আক্রমণভাগে এত প্রত্যাশা।
প্যানেনকা পেনাল্টিতে এমবাপ্পের জোড়া গোল
প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কমায়নি। বিরতির পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে। প্যানেনকা কৌশলে নেওয়া তার পেনাল্টি শট সেভিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জালে আশ্রয় নেয়। শক্তিশালী শটের পরিবর্তে আলতো করে গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠানোর এই কৌশলী প্রয়োগে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ফরাসি এই তারকা।

তবে তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। শেষ পর্যন্ত পারেনি তারা, তবে ফেরার জন্য তীব্র লড়াই করে গেছে দলটি। মানু বুয়েনোর গোলে ব্যবধান কমিয়ে একটা স্বস্তি এনেছিল সেভিয়া শিবিরে। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। স্বল্প সময়ের ব্যবধানে ইয়ান দিয়োমান্দে গোল করে দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন। সেই সঙ্গে ৪-১ ব্যবধানের জয়।
রিয়ালের সামনে এখন অপেক্ষা আরও বড় পরীক্ষা। বুধবার রাতে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরবি লিপজিগের মুখোমুখি হবে।এর রবিবার স্পটিফাই ক্যাম্প নু্যতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বিপক্ষে মাঠে নামবে। তার আগে এ জয়ে তারা আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিল।




