একসঙ্গে সরে দাঁড়ালেন তিন কর্মকর্তা
এশিয়ান গেমসের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনার মধ্যেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) বড় পরিবর্তন। পদত্যাগ করেছেন সংস্থাটির সহ-সভাপতি সারওয়াত সিরাজ শুক্লাসহ দুই নির্বাহী সদস্য।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) একসঙ্গে তিন কর্মকর্তার পদত্যাগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রীড়াঙ্গনে। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন সহ-সভাপতি ও দুই নির্বাহী সদস্য। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁরা নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা তিন কর্মকর্তা হলেন; বিওএর সহ-সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ওরফে সিরাত জাহান শুক্লা এবং নির্বাহী সদস্য সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও হাবিবুর রহমান জামিল।
ব্যারিস্টার শুক্লা বর্তমানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং হাবিবুর রহমান জামিল বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন এর সাধারণ সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করছেন। জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল সম্প্রতি এশিয়ান গেমসে জাপান ঘুরে এসেছেন।
এশিয়ান গেমস শেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অর্জন ও সীমাবদ্ধতা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় একই দিনে তিন কর্মকর্তার পদত্যাগের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিন কর্মকর্তার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা।
তিনি জানান, সহ-সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা এবং নির্বাহী সদস্য হাবিবুর রহমান জামিল ও সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বিরের পদত্যাগপত্র তাঁর কাছে পৌঁছেছে। এখন সংস্থার গঠনতন্ত্র ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ঠিক কী কারণে তিন কর্মকর্তা পদত্যাগ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে প্রত্যেকেই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
এক বছর পূর্ণ হওয়ার আগেই তিন কর্মকর্তার বিদায়
গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। চার বছর মেয়াদি এই কমিটির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হওয়ার আগেই তিন কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল।
একই দিনে গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তার সরে দাঁড়ানোর বিষয়টি সংস্থাটির প্রশাসনিক কার্যক্রমে কী প্রভাব ফেলবে, তা নিয়ে ক্রীড়াঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। এখন সবার নজর বিওএর পরবর্তী সিদ্ধান্তের দিকে। গঠনতন্ত্র ও আইওসির নির্দেশনা অনুসরণ করে পদত্যাগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই দেখার বিষয়।
একসঙ্গে তিন কর্মকর্তার পদত্যাগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে তাঁদের সরে দাঁড়ানোর পেছনের কারণ এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে দেশের ক্রীড়াঙ্গন।




