কোচ জেসুসের সাথে বাগবিতন্ডায় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিপি)। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিররের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
আন্তর্জাতিক বিরতিতে এক ম্যাচে খেলার সময় পুরো ৯০ ‘মিনিট’ সাইড বেঞ্চে বসে থাকায় মূলত কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর মতবিরোধ তৈরি হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে এক দীর্ঘ বিবৃতিতে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চান রোনালদো। রোনালদো সেই বিবৃতিতে উল্লেখ করেছিলেন পর্তুগিজ ফুটবলের অভিভাবক সংস্থা চাইলে তাকে শাস্তি দিতে পারে।
আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পর্তুগিজ ফেডারেশনের বিধি অনুযায়ী তাকে সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে কারণ পর্তুগিজ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুসারে, ক্যাম্প ছাড়ার ঘটনায় স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বর্তমানে দেশটির একটি স্বাধীন কমিটি রোনালদোর এই অসদাচরণের বিষয়টি পর্যালোচনা করছে। অনুমান করা হচ্ছে রোনালদোর শাস্তি সর্বনিম্ন ১ মাস থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত হতে পারে।
সিআরসেভেনের শাস্তির মেয়াদ যদি ১ মাসের বেশি হয়, তাহলে আগামী মাসে ‘উয়েফা নেশনস লিগ’ ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে ম্যাচে মহাতারকাকে ছাড়াই মাঠে নামবে পর্তুগাল। আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ইঙ্গিত দিয়েছে যে, রোনালদোর লিখিত ক্ষমা প্রার্থনা এবং বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা বিবেচনা করবে কর্তৃপক্ষ। তাতে করে হয়তো তাকে কম মেয়াদের শাস্তির সম্মুখীন হতে পারে।


