ঘটনার সূত্রপাত রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি জর্জিনা তাঁদের এক কন্যার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ছোট্ট মেয়েটিকে ট্রাইসাইকেল চালাতে দেখা যাচ্ছে। তবে নজর কেড়েছে তার পরনের পোশাক। মেয়েটির গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ফুটবল অনুরাগীদের মধ্যে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কৌতূহলী প্রশ্ন, তাহলে কি, রোনালদোকন্য মেসি ভক্ত?
বিশ্বকাপের আবহের মধ্যে রোনালদোর খাসমহল থেকেই উঠে এলো এক চমকপ্রদ দৃশ্য, যা নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। পর্তুগিজ তারকার নিজের ঘরেই কি তবে বাসা বেঁধেছে মেসি-ভক্তি? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে।
দুই শিবিরের পাল্টাপাল্টি যুক্তি
এই ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই মেসি ও রোনালদো সমর্থকরা মেতে উঠেছেন চিরচেনা দ্বৈরথে!
- মেসি সমর্থকদের দাবি: এলএমটেন ভক্তদের মতে, এই ঘটনা মেসির আকাশচুম্বী জনপ্রিয়তারই প্রমাণ। ঘরে ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ তারকা থাকা সত্ত্বেও রোনাদোর কন্যা মেসির দেশের জার্সি গায়ে জড়াচ্ছে। যেখানে মেসির তিন সন্তানই বাবার অন্ধ ভক্ত, সেখানে রোনাদোর পরিবারে এমন দৃশ্য মেসির শ্রেষ্ঠত্বকেই এগিয়ে রাখছে বলে তাদের দাবি।
- রোনালদো সমর্থকদের পাল্টা যুক্তি: অন্যদিকে, সিআরসেভেনের অনুগামীরা বিষয়টিকে স্রেফ একটি কাকতালীয় বা সরল ঘটনা হিসেবেই দেখছেন। তাঁদের দাবি, রোনাদোর কন্যার বয়স এতটাই কম যে ফুটবলীয় কূটনীতি বা কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে সমর্থন করার পরিপক্বতা তার এখনো আসেনি। তাছাড়া জর্জিনা নিজেই একজন আর্জেন্টাইন বংশোদ্ভূত (আর্জেন্টিনায় জন্ম)। ফলে তিনি হয়তো সম্প্রীতির বার্তা দিতেই মেয়েকে এই জার্সি পরিয়েছেন, যা প্রমাণ করে ফুটবলের আনন্দ কোনো নির্দিষ্ট সীমানায় আটকে থাকে না।
শেষ বিশ্বকাপে দুই মহাতারকার লক্ষ্য
ব্যক্তিগত জীবনের এই আলোচনা ছাপিয়ে মাঠের লড়াইয়েও কিন্তু চাপ বাড়ছে দুই তারকার ওপর। ক্যারিয়ারের ষষ্ঠ তথা শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি ও রোনাল্ডো দুজনেই।
এক নজরে দুই মহাতারকার বর্তমান সমীকরণ:
- লিওনেল মেসি: গতবারের বিশ্বচ্যাম্পিয়ন মেসির সামনে এবার টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ। বিশ্বকাপে বর্তমানে তাঁর গোলসংখ্যা ১৩। আর মাত্র ৪টি গোল করতে পারলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে করবেন তিনি। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে গোল পেয়ে দারুণ ছন্দে রয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর।
- ক্রিশ্চিয়ানো রোনাদো: ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ট্রফি না জিততে পারা। এবার তাঁদের শেষ সুযোগ। বিশ্বকাপে রোনাদোর গোলসংখ্যা বর্তমানে ৮। তবে প্রতিযোগিতার মূল পর্বে নামার আগে প্রস্তুতি ম্যাচে রোনাদোর পারফরম্যান্স পর্তুগাল শিবিরের পাশাপাশি তাঁর ভক্তদের কপালেও কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে।
মাঠের বাইরে জর্জিনার পোস্ট করা এই ভিডিওটি ফুটবলারদের ব্যক্তিগত সম্পর্কের সৌহার্দ্য নাকি সমর্থকদের নতুন কোনো বিতর্কের খোরাক-তা সময় বলবে। তবে বিশ্বকাপের চড়া উত্তেজনার মাঝে এই “আর্জেন্টাইন জার্সি” বিতর্ক যে পারদ আরও বাড়িয়ে দিল, তাতে কোনো সন্দেহ নেই।
