প্রাইজমানি ইস্যুতে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের ইঙ্গিত সাবালেঙ্কার

প্রাইজমানি ইস্যুতে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের ইঙ্গিত সাবালেঙ্কার

প্রাইজমানি ইস্যুতে গ্র্যান্ড স্ল্যাম বয়কটের ইঙ্গিত সাবালেঙ্কার । পুরস্কারের অর্থ বণ্টন নিয়ে অসন্তোষ থেকে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কা। খেলোয়াড়দের ন্যায্য প্রাপ্য আদায়ে কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে বলে মনে করেন তিনি।

২৮ বছর বয়সী এই বেলারুশিয়ান বলেন, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হলে একসময় বয়কটের পথেই যেতে হতে পারে। তার ভাষ্য, টুর্নামেন্টের আসল আকর্ষণ খেলোয়াড়রাই, তাই খেলোয়াড়দের অংশগ্রহণ ছাড়া এমন আয়োজন বাস্তবে সম্ভব নয়।

পুরুষ ও নারী টেনিসের শীর্ষ ১০ খেলোয়াড়ের দাবি, গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মোট আয়ের একটি বড় অংশ প্রাইজমানি হিসেবে বরাদ্দ দিতে হবে। চলতি বছরে ফ্রেঞ্চ ওপেন এ পুরস্কার তহবিল ৯.৫ শতাংশ বাড়ানো হলেও খেলোয়াড়রা তাতে সন্তুষ্ট নন। তাদের মতে, মোট আয়ের অন্তত ২২ শতাংশ খেলোয়াড়দের প্রাপ্য, অথচ বর্তমান বরাদ্দ তার অনেক কম।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ইগা সিওনতেক প্রাইজমানি বৃদ্ধির দাবিকে সমর্থন করলেও বয়কটকে কিছুটা বাড়াবাড়ি মনে করেন। তিনি আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা এলেনা রিবাকিনা জানিয়েছেন, অধিকাংশ খেলোয়াড় বয়কটের সিদ্ধান্ত নিলে তিনিও তাদের সঙ্গে থাকবেন।

এদিকে জেসিকা পেগুলা খেলোয়াড়দের দাবির প্রতি সহমত জানালেও ধর্মঘটের সম্ভাবনাকে খুব একটা জোরালো বলে মনে করছেন না। আগামী মাসে উইম্বলডন তাদের প্রাইজমানি ঘোষণা করবে। এর আগেই খেলোয়াড় ও আয়োজকদের এই টানাপোড়েন টেনিস বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Exit mobile version