জাতীয় দলে ফেরার স্বপ্ন ছাড়েননি সাব্বির রহমান । জাতীয় দলের জার্সিতে এখন আর নেই সাব্বির রহমান। তবে দেশের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেননি এই হার্ডহিটার ব্যাটার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন তিনি। দীর্ঘ বিরতির পরও জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো ধরে রেখেছেন সাব্বির।
মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাব্বির জানান, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ দলের ভালো করা। জাতীয় দলে জায়গা পাওয়ার চেষ্টা তিনি চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেন তিনি। সাব্বির বলেন, সুযোগ না এলে হতাশ হওয়ার কিছু নেই। নিজের সেরাটা দিয়ে খেলে যেতে চান। তার ভাষায়, এবার না হলে পরেরবার, পরেরবার না হলে তার পরেরবার। যত দিন ক্যারিয়ার আছে, তত দিন চেষ্টা চালিয়ে যাবেন।
আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েও প্রশংসা করেন সাব্বির। তিনি বলেন, মোসাদ্দেক অনেক দিন ধরে খেলছেন এবং আবাহনী সম্পর্কে তার অভিজ্ঞতা অনেক। দ্বিতীয় বছর এই দলের হয়ে খেলছেন তিনি। দলনেতা হিসেবে মোসাদ্দেক খুবই ভালো, সবাইকে স্বাধীনতা দেন এবং নিজের মতো খেলতে দেন। মিডল অর্ডারে তিনি দলের জন্য ভালো সাপোর্টও দিচ্ছেন বলে মন্তব্য করেন সাব্বির।
নিজের বর্তমান ফর্ম ও প্রস্তুতি নিয়েও আত্মবিশ্বাসী শোনায় সাব্বিরকে। তিনি বলেন, কখনো ভালো, কখনো কম ভালো পারফর্ম করলেও তিনি ট্র্যাকে ছিলেন। সাম্প্রতিক সময়ে তার প্রস্তুতিও ভালো হচ্ছে বলে জানান এই ব্যাটার। যে কটি ম্যাচ খেলছেন, সেগুলোতে ভালো করারই চেষ্টা করছেন তিনি।
মিরপুরে অনুশীলন না করার কারণও ব্যাখ্যা করেন সাব্বির। রাজশাহীর ছেলে হওয়ায় তিনি রাজশাহীতেই অনুশীলন করেন বলে জানান। তার মতে, সেখানে খোলা মাঠে সময় নিয়ে অনুশীলনের সুযোগ পাওয়া যায়। মিরপুরে ভিড় বেশি থাকায় নিয়মিত অনুশীলনের পরিবেশ তৈরি হয় না। সময়ও কম মেলে। রাজশাহীতে মন ভরে অনুশীলন করতে পারায় ধীরে ধীরে এর ফলও পাচ্ছেন বলে মনে করেন সাব্বির। সামনে আরও ভালো করারই লক্ষ্য তার।
