দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে আইসিসি মাস সেরা
দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি মাসে আইসিসির সেরা নারী খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসের সঙ্গে মনোনীত হয়েছিলেন সোবহানা। তাদেরকে পেছনে ফেলে সেরা হলেন তিনি।
২০২৩ সালে নভেম্বর মাসে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সহঅধিনায়ক নাহিদা আক্তার। এবার আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন সোবহানা মোস্তারি।
গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এর পেছনে বড় ভূমিকা রেখেছিলেন সোবহানা। ব্যাট হাতে জ্বলজ্বলে পারফরম্যান্স করেছেন তিনি। তাই আইসিসির জানুয়ারি মাসের সেরা হওয়ার দৌড়ে ঠাঁই পেয়ে যান মোস্তারি। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম ওঠে তার।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) জানুয়ারি মাসের সেরাদের মনোনয়ন তালিকা প্রকাশ করে। নারীদের মধ্যে মাস সেরা হওয়ার লড়াইয়ে সোবহানার সঙ্গে লড়াই ছিল আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিসের।
যে কারণে সেরা হলেন সোবহানা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেন বাংলাদেশি মিডলঅর্ডার ব্যাটার সোবহানা। নেপালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে সবমিলিয়ে ৬ ম্যাচ খেলেন তিনি। সেখানে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন। সেই আসরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরিরও দেখা পান তিনি।
থাইল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা ও ৯টি চারে খেলেন ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে মোস্তারি করেন ৪৭ রান। বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রেখে কার্যকর ইনিংস খেলেন তিনি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার অফ স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন।
২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার এই পুরষ্কার জিতলেন।
অবশ্য পুরুষদের মাস সেরা পুরষ্কার বাংলাদেশে চার বার এসেছে। পুরুষ ক্রিকেটে বাংলাদেশের হয়ে এই মাসসেরার পুরষ্কার প্রথমবার জেতেন মুশফিকুর রহিম ২০২১ সালের মে মাসে। সে বছর জানুয়ারিতেই আইসিসি এই পুরষ্কার প্রবর্তন করে। পরে দুইবার মাস সেরা হয়েছেন সাকিব আল হাসান (জুলাই ২০২১ ও ফেব্রুয়ারি ২০২৩) এবং সর্বশেষ গত বছর এপ্রিলে মেহেদি হাসান মিরাজ।
