দুর্ঘটনার শিকার ক্ষুদে ফুটবলার সোহাদা – পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

দুর্ঘটনার শিকার ক্ষুদে ফুটবলার সোহাদা - পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

দুর্ঘটনার শিকার ক্ষুদে ফুটবলার সোহাদা।

দুর্ঘটনার শিকার ক্ষুদে ফুটবলার সোহাদা , গাজীপুরের সবুজ মাঠ থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থমকে যেতে বসেছিল কিশোরী ফুটবলার সোহাদা এর স্বপ্নযাত্রা। তবে দ্রুত উদ্যোগ এবং মানবিক সহায়তায় নতুন আশার আলো দেখছে এই ক্ষুদে প্রতিভা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে উপস্থিত হয়ে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন।

দুর্ঘটনার শিকার ক্ষুদে ফুটবলার সোহাদা – পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

জানা গেছে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাইয়া শুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নেয়। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় সে। দুর্ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

বর্তমানে আগারগাঁও জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সোহাদা। আজ সকালে প্রতিমন্ত্রী আমিনুল হক হাসপাতালে গিয়ে তার শয্যাপাশে দাঁড়িয়ে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেন।

সোহাদার মনোবল বাড়াতে প্রতিমন্ত্রী তাকে সাহস জোগান। তিনি বলেন,

তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার পাশে আছি। তার এই আশ্বাসে সোহাদা ও তার পরিবার কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে বলে জানা গেছে।

এদিকে, সোহাদার পরিবারের আর্থিক দুশ্চিন্তা দূর করতে প্রতিমন্ত্রী ঘোষণা দেন যে, তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি যেন না থাকে, সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর ক্রীড়াঙ্গনে উদ্বেগ ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহাদার দ্রুত সুস্থতা কামনা করেছেন। দেশের উদীয়মান এই প্রতিভার পাশে সরকারের এমন দ্রুত অবস্থান নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

Exit mobile version